আমতলীতে পায়রা নদীর ব্লক নির্মাণে ব্যবহৃত পাথর আনার অভিযোগ

পায়রা নদীর ২৫০ মিটার ব্লক নির্মাণে ১২ হাজার ঘনফুট ব্যবহৃত পাথর আনা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আমতলী (বরগুনা) সংবাদদাতা

Location :

Amtali
আমতলীতে পায়রা নদীর ব্লক নির্মাণে ব্যবহৃত পাথর আনার অভিযোগ
আমতলীতে পায়রা নদীর ব্লক নির্মাণে ব্যবহৃত পাথর আনার অভিযোগ |নয়া দিগন্ত

পায়রা নদীর ২৫০ মিটার ব্লক নির্মাণে ১২ হাজার ঘনফুট ব্যবহৃত পাথর আনা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা এমন অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া এলাকার ২০ নম্বর প্যাকেজে।

জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে বরগুনা পানি উন্নয়ন বোর্ড পায়রা নদীর ভয়াবহ ভাঙন রোধে ব্লক নির্মাণের উদ্যোগ নেয়। বোর্ড ৪৪/বি পোল্ডারে ৩,০০০ মিটার ব্লক নির্মাণে ১৩টি প্যাকেজে কাজ পায় বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান। গত দুই বছরে বেশ কয়েকটি প্যাকেজের কাজ শেষ হয়েছে। এর মধ্যে ২০ নম্বর প্যাকেজে ২৫ কোটি টাকা ব্যয়ে ২৫০ মিটার নদীতে ব্লক নির্মাণ কাজ পায় অ্যাডনচ বাংলাদেশ লিমিটেড কোম্পানি।

অভিযোগ রয়েছে, ২০ নম্বর প্যাকেজের ২৫০ মিটার নদী ভাঙনের ব্লক নির্মাণ করতে অ্যাডনচ বাংলাদেশ কোম্পানি লিমিটেড গত ১৫ আগস্ট সিলেট থেকে জাহাজে করে ১২ হাজার ঘনফুট পাথর আনে। ওই পাথর ব্লক নির্মাণ এলাকা আড়পাঙ্গাশিয়ায় তুলে রাখা হয়।

স্থানীয় রাকিবুল ইসলাম ও লুৎফর হোসেন অভিযোগ করেন, ১২ হাজার ঘনফুট পাথর এনে স্তূপ করে রাখা হয়েছে। ওই পাথর ব্যবহৃত। পাথরের গায়ে সিমেন্টের আস্তর রয়েছে। ব্যবহৃত পাথর দিয়ে ব্লক নির্মাণ করা হলে তা টিকবে না। দ্রুত এ ব্লক অপসারণ করে ভালো পাথর আনার দাবি জানান তারা।

শুক্রবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, আড়পাঙ্গাশিয়া নদীর পাড়ে পাথর স্তূপ করে রাখা হয়েছে। ওই পাথরের গায়ে সিমেন্টের আস্তর। অন্য কাজে ব্যবহৃত পাথর এনে রাখা হয়েছে ব্লক নির্মাণে।

অ্যাডনচ বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ম্যানেজার মো: বদিরুজ্জামান বলেন, ‘এ পাথর পানি উন্নয়ন বোর্ড রিজেক্ট করে দিয়েছে।’

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মো: আশিকুর রহমান বলেন, ‘আমাকে কোম্পানির লোকজন জাহাজ থেকে পাথর আনলোডের ভিডিও পাঠিয়েছেন। কিন্তু কেমন পাথর তা আমার জানা নেই।’

তিনি আরো বলেন, ‘অ্যাডনচ বাংলাদেশ কোম্পানি গত দুই বছরে ২০ হাজার ব্লক নির্মাণ করেছে। এখন অনেক ব্লক নির্মাণ বাকি আছে।’

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান বলেন, ‘ব্লক নির্মাণে ব্যবহৃত পাথর আনার বিষয়টি জেনেছি। ওই পাথর ল্যাব টেস্টে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। টেস্টে পাথরের গুণগত মান না থাকলে ওই পাথর দিয়ে ব্লক নির্মাণ করতে দেয়া হবে না।’