সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিষয়ে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে : অ্যাটর্নি জেনারেল

‘যত দ্রুত সম্ভব আমরা সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত হাইকোর্টের আগের রায়টির বিরুদ্ধে আপিল করব। এক্ষেত্রে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চূড়ান্ত সিদ্ধান্তটি দেখা উচিৎ। তখন হাইকোর্ট বলেছেন সর্বোচ্চ আদালতে আমাদের আপিলটি নিষ্পত্তি পর্যন্ত আজকে শুনানি করা রিটটি এ অবস্থায় তাদের কার্যতালিকায় থাকবে।’

নয়া দিগন্ত অনলাইন
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস (কাজল)
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস (কাজল) |ফাইল ছবি

সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করার বিষয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে ‘যত দ্রুত সম্ভব’ আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস (কাজল)।

সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) আইন চ্যালেঞ্জ করে দায়ের করা রিট শুনানির পর আজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) আইন চ্যালেঞ্জের রিটটি আজ শুনানি জন্য হাইকোর্টে এলে আমরা বলেছি যে, যত দ্রুত সম্ভব আমরা সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত হাইকোর্টের আগের রায়টির বিরুদ্ধে আপিল করব। এক্ষেত্রে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চূড়ান্ত সিদ্ধান্তটি দেখা উচিৎ। তখন হাইকোর্ট বলেছেন সর্বোচ্চ আদালতে আমাদের আপিলটি নিষ্পত্তি পর্যন্ত আজকে শুনানি করা রিটটি এ অবস্থায় তাদের কার্যতালিকায় থাকবে।

সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) আইন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন মোহাম্মদ সাদ্দাম হোসেনসহ সাত আইনজীবী। আজ বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সে রিটের শুনানি শুরু হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আর রাষ্ট্র পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস (কাজল)। বাসস