রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি আজ অনুষ্ঠিত হবে। শুনানি শেষে আলোচিত এ মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে।
বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। এদিন সকাল ৮টা ৪০ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রধান আসামি সোহেল রানা এবং গাজীপুর কাশিমপুর কারাগার থেকে তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে হাজির করা হয়।
গতকাল বুধবার আত্মপক্ষ সমর্থনে সোহেল রানা নিজের দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। তবে তার স্ত্রী স্বপ্না খাতুন নিজেকে নির্দোষ দাবি করেন। এর আগে, গত মঙ্গলবার টানা ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লা ও মা পারভীন আক্তারসহ সাক্ষীদের জবানবন্দিতে ঘটনার ভয়াবহতা উঠে আসে।
গত ১ জুন ট্রাইব্যুনাল সোহেল রানা ও স্বপ্না খাতুনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। তাদের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও লাশ গুমের গুরুতর অভিযোগ আনা হয়। এর আগে গত ২৪ মে তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন, যা ট্রাইব্যুনাল আমলে নেয়।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ভুক্তভোগী শিশু রামিসা আক্তার পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলেন। গত ১৯ মে সকালে তাকে কৌশলে বাসার ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে তার লাশ মস্তকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা দু’জনকে আসামি করে পল্লবী থানায় মামলা দায়ের করেন।



