রাজধানীর উত্তরা ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেন চক্রের ৬ জন চীনা নাগরিকসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।
গ্রেফতার আসামিরা হলেন এম.এ জি (৩৩), ঝাং জিয়াহাও (২২), লিও জিঞ্জি (৩২), ওয়াং শিবো (২৪), চাং তিয়ানতিয়ান (২৯), জেমস ঝু (৪৩), মো: কাউসার হোসেন (২৪), মো: আব্দুল-কারিম (২৮) ও রোকন উদ্দিন (৪০)।
ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার সকালে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিমটি নিয়মিত সাইবার মনিটরিংকালে ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম গ্রুপে এবং বিভিন্ন ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন জুয়ার বিজ্ঞাপন, ডিপোজিট বোনাসের প্রলোভন এবং বিকাশ/নগদ ব্যবহার করে অবৈধ লেনদেনের তথ্য শনাক্ত হয়। এসব ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষকে স্বল্প সময়ে দ্বিগুণ-তিনগুণ লাভের প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টর এলাকায় কাউসার, করিম ও রোকন ও একইদিনে সকাল ৯টা ১০ মিনিটে তুরাগ থানাধীন রুপায়ন হাউজিং এস্টেট এলাকায় চীনা নাগরিক এম.এ জি, ঝাং জিয়াহাও, লিও জিঞ্জি, ওয়াং শিবো, চাং তিয়ানতিয়ান ও জেমস ঝু-কে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে তিনটি ৬৪-পোর্ট বিশিষ্ট GSM/GPRS SIM Module (VoIP GSM Gateway) মেশিন, একটি আট-পোর্ট বিশিষ্ট GSM/GPRS SIM Module মেশিন, একটি ২৫৬-পোর্ট বিশিষ্ট GSM/GPRS SIM Module মেশিন, বিভিন্ন অপারেটরের প্রায় ২৮০টি সিম কার্ড, একাধিক ল্যাপটপ (Apple MacBook, Lenovo, Asus, HP, Redmi), ২০টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন, নগদ প্রায় ৬ লাখ ৫,০০০ টাকা, বিদেশী নাগরিকদের পাসপোর্ট এবং এনআইডি ও একটি Toyota Microbus উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা সংঘবদ্ধভাবে অনলাইন জুয়া, প্রতারণা, অবৈধ ই-ট্রানজেকশন এবং অর্থ পাচারের চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে অন্যের নামে নিবন্ধিত এমএফএস অ্যাজেন্ট সিম সংগ্রহ করে সেগুলো GSM Gateway ডিভাইসে ব্যবহার করে একই সাথে শতাধিক সিম সক্রিয় রাখত। এসব সিম ব্যবহার করে অনলাইন জুয়ার অর্থ, প্রতারণার টাকা এবং অবৈধ লেনদেন পরিচালনা করা হতো। চক্রটি নিজস্ব জুয়ার পোর্টাল পরিচালনার পাশাপাশি কোটি কোটি টাকা বিদেশে, বিশেষ করে চীনে পাচার করছিলো।
এ ঘটনায় গ্রেফতার আসামিদের বিরুদ্ধে রমনা থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।



