রাজধানীর শ্যামলীতে সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে (সিকেডি) চাঁদা দাবির ঘটনায় করা মামলায় প্রধান আসামি মঈন উদ্দিন মঈনসহ সাতজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
অপর আসামিরা হলেন এমবি স্বপন কাজী, শাওন হোসেন, মো: ফালান মিয়া, মো: রুবেল, মো: সুমন ও মো: লিটন মিয়া।
শুক্রবার (১৭ এপ্রিল) রিমান্ড শেষে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার শ্যামলী পুলিশ ফাঁড়ির এসআই সাব্বির আহমেদ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১৪ এপ্রিল আসামি মঈন উদ্দিন মঈন, এমবি স্বপন কাজী ও শাওন হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জমসেদ আলম। গত ১৩ এপ্রিল আসামি মো: ফালান মিয়া (৪২), মো: রুবেল (৪২), মো: সুমন (৩৬) ও মো: লিটন মিয়ার (৩৮) চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।
সিকেডি হাসপাতালে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গত ১১ এপ্রিল হাসপাতালটির অপারেশন থিয়েটার ইনচার্জ মো: আবু হানিফ শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মঈন উদ্দিনকে (মঈন) প্রধান আসামি করা হয়। এছাড়া মামলায় আরো সাত থেকে আটজনকে অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩৮৫/৩৪ ধারার অভিযোগ আনা হয়েছে। বাসস



