রাজধানীর ধলপুরের লিচু বাগান এলাকায় ২০টি কুকুর হত্যার দায়ে প্রাণী কল্যাণ আইনে করা মামলায় তিনজনকে আড়াই বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আবুল খায়ের, অপু ও মানিক।
আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ রায় দেন ।
রায়ে প্রাণী কল্যাণ আইন, ২০১৯ এর ১৬(খ) ধারায় প্রত্যেককে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরো ১৫ দিনের কারাভোগ করতে হবে।
এছাড়া প্রাণী কল্যাণ আইন,২০১৯ এর ১৬(ক) ধারায় প্রত্যেককে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরো ১৫ দিন বিনাশ্রম কারাভোগ করতে হবে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২১ সালের ২৩ জানুয়ারি যাত্রাবাড়ীর ধলপুরের লিচু বাগান এলাকায় লোহার রড, সাড়াশি ও প্রাণঘাতী ইনজেকশন দিয়ে ২০টি কুকুরকে হত্যা করে বস্তায় ভরে নিয়ে যায় আবুল খায়ের, অপু ও মানিক। ভিডিও দেখে পরে তাদের শনাক্ত করা হয়।
এ ঘটনায় একই বছরের ২৫ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন অ্যানিমেল লাভারস অব বাংলাদেশের মারুফুল হক ।
মামলাটি তদন্ত শেষে একই বছরের ৫ সেপ্টেম্বর তিনজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন যাত্রাবাড়ী থানার এসআই শফিকুল ইসলাম।
২০২৪ সালের ২১ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত তিনজনের সাক্ষ্য গ্রহণ করেন।
সূত্র : বাসস



