জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বৃহস্পতিবার ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গোপন তথ্যের ভিত্তিতে ডিবি উত্তরা বিভাগ রাজধানীর উত্তরাপূর্ব থানা ও গাজীপুর মহানগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো: মজিবুর রহমান (৩৮), মো: দুলাল মৃধা (৪০) ও মো: মামুন (২৫)।
গতকাল বুধবার বেলা আনুমানিক সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগরস্থ উত্তরাপূর্ব থানাধীন সমবায় বাজার (বিডিআর) মার্কেটের সামনে ও বেলা ২টা ৫ মিনিটে গাজীপুর মহানগরস্থ বাসন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, জাল টাকা তৈরি ও বিক্রয়ের চোরাকারবারির একটি দল উত্তরা পূর্ব থানাধীন সমবায় বাজার (বিডিআর) মার্কেটের সামনে জাল টাকা কেনাবেচা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে আসামি মো: মজিবুর রহমানকে (৩৮) চার লাখ জাল টাকা ও জাল টাকা বিক্রয়লব্ধ ৪০ হাজার আসল টাকাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে মজিবুর রহমানের স্বীকারোক্তি ও তার দেখানোমতে গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকা থেকে অন্য আসামি মো: দুলাল মৃধা (৪০) এবং মো: মামুনদের (২৫) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে আরো ৩০ লাখ জাল টাকা, জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, তিনটি কালার প্রিন্টার, একটি রোল সোনালী রংয়ের ফয়েল পেপার, ২০০টি সিকিউরিটি ট্যাগ ও জলছাপ সম্বলিত সাদা কাগজ, ২০০টি একপাশে ১০০০ টাকার প্রিন্ট করা কাগজ অন্য পাশে সাদা, দুই লিটারের দু’টি তরল জাতীয় গাম, একটি কাটার এবং জলছাপ বসানোর দুইটি ডাইস উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। আসন্ন পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে বিভিন্ন পশুর হাট ও বিপনিবিতানে তাদের তৈরি করা জাল টাকাগুলো তাদের বিভিন্ন সহযোগীর মাধ্যমে বাজারে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা ছিল। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতার আসামিদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।



