সাবেক শ্রম প্রতিমন্ত্রী মন্নুজানের বিরুদ্ধে দুদকের চার্জশিট দাখিলের সিদ্ধান্ত

অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা ও দণ্ডবিধি ১০৯ ধারায় চার্জশিট দাখিলের সিদ্ধান্ত দেয়া হয়।

নয়া দিগন্ত অনলাইন
সাবেক শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান
সাবেক শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান |সংগৃহীত

ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচরণের অভিযোগে সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় চার্জশিট দাখিলের সিদ্ধান্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২০ জুলাই) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো: আক্তার হোসেন এক ব্রিফিংয়ে এ কথা জানান।

তিনি জানান, ‘সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করে পরস্পর যোগসাজশে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারপূর্বক নিজে লাভবান হয়ে অন্যকে লাভবান করার অভিপ্রায়ে বিভাগীয় পদোন্নতি কমিটি (ডিপিসি) কর্তৃক সুপারিশপ্রাপ্ত গ্রেডেশন তালিকার ৩ নম্বর ক্রমিকের শামীমা সুলতানা বারীকে কোনো রকম কারণ ছাড়াই বাদ দিয়ে ডিপিসি কমিটির সুপারিশ ব্যতিরেকে গ্রেডেশন তালিকার ১৬ নম্বর ক্রমিকে বর্ণিত মিজানুর রহমানকে পদোন্নতি প্রদান করেছেন।’

এই অপরাধে বেগম মন্নুজান সুফিয়ান ও শ্রম অধিদফতরের পরিচালক মো: মিজানুর রহমানের বিরুদ্ধে দুদকের পরিচালক মো: আব্দুল মাজেদ মামলা দায়ের করেন এবং আব্দুল মাজেদকেই মামলাটির তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।

মামলার তদন্ত শেষে বেগম মন্নুজান সুফিয়ান ও মো: মিজানুর রহমানের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা ও দণ্ডবিধি ১০৯ ধারায় চার্জশিট দাখিলের সিদ্ধান্ত দেয়া হয়। বাসস