কুমিল্লা-৩ আসনে বিএনপির কায়কোবাদের প্রার্থিতা সর্বোচ্চ আদালতে বহাল

ফলে কায়কোবাদের প্রার্থিতা বৈধ ও বহাল থাকল বলে জানিয়েছেন তার পক্ষের সিনিয়র আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল।

নয়া দিগন্ত অনলাইন
কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ
কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ |ফাইল ছবি

কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতার বৈধতা নিয়ে একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেলের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ বেঞ্চ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এই আদেশ দেন।

আজকের এই আদেশের ফলে কায়কোবাদের প্রার্থিতা বৈধ ও বহাল থাকল বলে জানিয়েছেন তার পক্ষের সিনিয়র আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল।

রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কায়কোবাদের মনোনয়ন বৈধ হয়। তবে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন একই আসনের জামায়াতের প্রার্থী ইউসুফ। সে আপিল নামঞ্জুর করে সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন (ইসি)। ফলে কায়কোবাদের প্রার্থিতা বহাল থাকে।

তবে ইসির এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে রিট করেন ইউসুফ। গত ২৭ জানুয়ারি রিটটি সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করেন ইউসুফ। আদালতে ইউসুফের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন।

সূত্র : বাসস