রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বোরহান উদ্দিন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং কন্টেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলামকে (রাকিব) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতারকৃত আসামি সালাহউদ্দিন সাগরের (৩৮) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
আসামিকে বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৫ মার্চ রাতে রাকিবুল ইসলাম তার বন্ধুদের নিয়ে শহীদ মিনারের সিঁড়িতে আড্ডা দিচ্ছিলেন। রাত সোয়া ৯টার দিকে তিনি মোটরসাইকেল পার্ক করে বসার পরপরই ওত পেতে থাকা পাঁচ থেকে ছয়জন সশস্ত্র হামলাকারী তার ওপর ঝাঁপিয়ে পড়ে। ঘাতকরা প্রথমে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং পরে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১০টার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত প্রতিবেদনে রাকিবের শরীরে পাঁচটি গভীর কোপের চিহ্ন এবং পিঠ ও পেটে গুলির ক্ষত পাওয়া যায়। এ ঘটনায় ১৬ মার্চ তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের কর্মচারী তারিকুল ইসলাম খোকন শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। বাসস



