ওয়াদুদ হত্যা মামলা

ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল তৃতীয় দফায় রিমান্ডে

তিন দিনের রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত |ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ডিজিএফআইয়ের সাবেক কোয়ার্টার বিষয়ক কর্মকর্তা মেজর (অব.) মাঞ্জিল হায়দার চৌধুরীর তৃতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তিন দিনের রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তৃতীয় দফায় তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ৯ এপ্রিল রাজধানীর মহাখালীর ডিওএইচএস থেকে মাঞ্জিলকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ১০ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তার এ মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৩ এপ্রিল দ্বিতীয় দফায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় আসামিদের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়।

সূত্র : বাসস