গত মাসেই পাকিস্তানের বিপক্ষে ২৪ রানে ৫ উইকেট নিয়েছিলেন নাহিদ রানা। সেই রেশ কাটতে না কাটতেই আজ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়বার ৫ উইকেট তুলে নিলেন তিনি। তার এমন বিধ্বংসী বোলিংয়ে সুবিধা করতে পারেনি কিউইরা। ৪৮.৪ ওভারে ১৯৮ রানে গুটিয়ে গেছে তাদের ইনিংস।
সোমবার (২০ এপ্রিল) মিরপুরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাট করতে নামে কিউইরা। তবে শুরু থেকেই তাদের চেপে ধরে বাংলাদেশ, হাত খুলতে দেয়নি মোটেও।
শরিফুল ইসলাম ও নাহিদ রানা মিলে চেপে ধরেন নিউজিল্যান্ডকে। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে মাত্র ২৮ রান তোলে তারা। দুইটি উইকেটই নেন নাহিদ রানা।
৮ম ওভারে বল হাতে এসেই ভাঙেন উদ্বোধনী জুটি। হেনরি নিকোলসকে (২৬ বলে ১৩) এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি। পরের ওভারে তার শিকার উইল ইয়ং (৭ বলে ২)।
এই ধাক্কা সামলে নেয়ার চেষ্টা করেন টম লাথাম ও নিক কেলি। তবে সেই চেষ্টা ব্যর্থ হয়, লাথামকে ফেরান সৌম্য সরকার। ৩৫ বলে ১৪ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন কিউই অধিনায়ক।
পঞ্চাশ পেরোতেই ৩ উইকেট হারিয়ে ফেলা নিউজিল্যান্ডের হাল ধরার চেষ্টা করেন নিক কেলি ও মোহাম্মদ আব্বাস। ৬৬ বলে ৫৬ রানের জুটিও গড়ে তোলেন তারা।
তবে ভয়ঙ্কর হওয়ার আগে সেই জুটি ভাঙেন নাহিদ রানা। মোহাম্মদ আব্বাসকে (৩৪ বলে ১৯) ফেরান তিনি। ২৯ ওভারে ১০৮ রানে ৪ উইকেট হারায় কিউইরা। ততক্ষণে অবশ্য পঞ্চাশ পেরিয়ে গেছেন কেলি।
এরপর কেলিকে আর সমর্থন দিতে পারেননি কেউ। কেলি আউট হন দলকে ১৪৫ রানে রেখে ১০২ বলে ৮৩ করে। শরিফুলের শিকার হন তিনি। ৭ রান যোগ হতেই ক্লার্কসনকে (৬) ফেরান রিশাদ।
আর আগের ম্যাচের নায়ক ডিন ফক্সক্রফট ৩৫ বলে ১৫ রান নিয়ে নাহিদের চতুর্থ শিকার হন। ৪৫.৩ ওভারে জেডেন লেনক্সকে বোল্ড করে ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেন নাহিদ।
নিউজিল্যান্ডের হয়ে শেষ দিকে ব্লেয়ার টিকনার ১২ রান করে। ১৮ রান নিয়ে অপরাজিত থাকেন নাথান স্মিথ। রানার ৩২ রান দিয়ে ৫ উইকেট শিকারের দিনে ৩২ রানে ২ উইকেট নেন শরিফুলও।



