তামিমকে ‘সভাপতি’ হিসেবে পেয়ে উচ্ছ্বসিত মেহেদী মিরাজ

‘সাম্প্রতিক সময়ে আমাদের কী চাহিদা আছে ও আমরা কিভাবে কী পছন্দ করি... যেহেতু তিনি (তামিম ইকবাল) সম্প্রতি খেলা ছেড়েছেন, এটা একটা ক্রিকেটারদের জন্য একটা ইতিবাচক দিক।’

নয়া দিগন্ত অনলাইন
তামিম ইকবাল ও মেহেদী মিরাজ
তামিম ইকবাল ও মেহেদী মিরাজ |সংগৃহীত

বাংলাদেশ দল শেষবার যখন মাঠে নেমেছিল, তখন সভাপতি ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। এক মাসের ব্যবধানে নাটকীয় পালাবদলে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।

সব মিলিয়ে গত দেড় বছরে তিনজন সভাপতি দেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনকি এই সময়ে বোর্ডে এক প্রকার অস্থিরতা বজায় ছিল। ছিল নানা শঙ্কা ও সংশয়।

তবে মিরাজের দাবি বোর্ডে যাই হোক ক্রিকেটারদের ওপর তার কোনো প্রভাব পড়ে না। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গত তিন সপ্তাহে আমরা খুবই ভালো অনুশীলন করেছি। পেশাদার ক্রিকেটার হিসেবে আসলে বাইরে কী হয়, সেসব আমাদের ওরকম মাথায় প্রভাব পড়ে না। আমাদের কাজ হলো কেবল পারফর্ম করা।’

মিরাজ বলেন, ‘গত তিন সপ্তাহে যেভাবে অনুশীলন হয়েছে, এটা আমার কাছে মনে হয় অনেক ভালো অনুশীলন আমরা করেছি এবং বাইরে কী হয়েছে, এটা আমরা কখনোই চিন্তা করিনি।’

বছর খানেক আগেও তামিম ইকবাল ও অধিনায়ক মিরাজ দু’জন ছিলেন সতীর্থ। স্বীকৃত ক্রিকেটে তামিমের শেষ ম্যাচ যেটি, সেই ম্যাচেও খেলেছেন বাংলাদেশ অধিনায়ক।

তাই তামিমকে ভিন্নভাবেই মূল্যায়ন করলেন মিরাজ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যেহেতু আমরা একসাথে ক্রিকেট খেলেছি তাই তিনি আমাদের সম্পর্কে আরো বেশি ভালো জানবেন।’

‘সাম্প্রতিক সময়ে আমাদের কী চাহিদা আছে ও আমরা কিভাবে কী পছন্দ করি... যেহেতু তিনি সম্প্রতি খেলা ছেড়েছেন, এটা একটা ক্রিকেটারদের জন্য একটা ইতিবাচক দিক।’

মিরাজ জানালেন, ইতোমধ্যেই ক্রিকেটারদের সাথে দেখা করে দলকে উজ্জীবিত করেছেন তামিম ইকবাল।