উন্নয়নবঞ্চিত বগুড়াবাসীর সামনে আশার আলো

সিটি ঘোষণা, বিশ্ববিদ্যালয় নির্মাণ বিমানবন্দর ও রেলপথ হচ্ছে

Printed Edition

বগুড়া অফিস

উন্নয়ন বঞ্চিত বগুড়া জেলার সার্বিক উন্নয়নে কাজ শুরু করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তৎকালীন চারদলীয় জোট সরকারের আমলে বগুড়া জেলায় বেশকিছু উন্নয়ন কাজ বাস্তবায়নের পর ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত কোন উন্নয়ন হয়নি। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করায় আবারো অবহেলিত বগুড়ার উন্নয়নে হাত দিয়েছেন জেলার কৃতী সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আগামী ২০ এপ্রিল বগুড়া সফরকালে অন্যান্য সরকারি বেসরকারি কর্মসূচির সাথে প্রায় ১৫০ বছরের পুরনো বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন এবং তার প্রতিষ্ঠিত বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ ছাড়া আরো কয়েকটি উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি গত সোমবার বগুড়া বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন, বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ, বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন রেলপথ স্থাপন করা হবে এবং শহরের যানজট নিরসনে কাজ চলছে। তিনি বলেন, বিদ্যমান বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে এখানে সাধারণ অনুষদের পাশাপাশি কৃষি, চিকিৎসা, প্রকৌশল, বিজ্ঞান অনুষদ থাকবে। আলাদা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন হবে না। বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করার চেষ্টা চলছে। এখানে যাত্রী পরিবহনের পাশাপাশি বগুড়ায় উৎপাদিত কৃষি পণ্য পরিবহনের জন্য কার্গো বিমান সার্ভিস চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতোমধ্যে ডিও লেটার দেয়া হয়েছে। বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবে। বর্তমানে ভূমি অধিগ্রহণের কাজ শেষ পর্যায়ে। আগামী জুলাই মাসে প্রধানমন্ত্রী নির্মাণ কাজ উদ্বোধন করবেন। উত্তরাঞ্চলের গেটওয়ে হওয়ার কারণে বগুড়া শহরে যানজট নিয়মিত এবং ভয়াবহ সমস্যা। এ সমস্যা সমাধানে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর উচ্চ পর্যায়ের টিম কাজ করছে। তাদের প্রতিবেদনের পর কার্যকর পদক্ষেপ নেবে সরকার।

এ দিকে বগুড়ার শাজাহানপুরে বগুড়া-নাটোর মহাসড়কের পাশে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে গত ১৫ এপ্রিল স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান। তিনি এ দিন স্থানীয় লাইট ইনজিনিয়ারিং শিল্প মালিকদের সাথে মতবিনিময় শেষে বিসিক শিল্প এলাকা পরিদর্শন করেন। এ ছাড়া জেলার শিবগঞ্জ উপজেলা বিভক্ত করে মোকামতলা উপজেলা প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যে প্রি নিকার সভায় অনুমোদিত হয়েছে।

আগামী ২০ এপ্রিল দিনব্যাপী বগুড়া জেলা সফরকালে প্রধানমন্ত্রী বিকেলে স্থানীয় আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ শেষে বগুড়া প্রেস ক্লাবের নবনির্মিত বহুতল ভবন উদ্বোধন করবেন। তিনি দিনের শুরুতে সকালে জেলা জজ কোর্টে ই বেল বন্ড ও আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধন শেষে দুপুরে পৈত্রিক ভিটা বাগবাড়ী যাবেন এবং সেখানে কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন বলে সফরসূচি থেকে জানা গেছে। এর আগে সকালে প্রধানমন্ত্রী ঢাকা থেকে সড়কপথে বগুড়া পৌঁছবেন। সন্ধ্যায় সড়ক পথে ঢাকায় ফেরার পথে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-তে স্বল্পকালীন যাত্রা বিরতি করবেন।