দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়নে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে এক হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্যকে ১৫ দিনের কারাদ- ও ২০ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়েছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইউপি সদস্য মো. শাহিনুর ইসলামের নিজ বাসভবন ও ব্যক্তিগত গুদামে তল্লাশি চালানো হয়। এ সময় পাঁচটি ব্যারেল থেকে মোট এক হাজার লিটার ডিজেল উদ্ধার হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার অভিযোগ ছিল ওই ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন নজরদারি বাড়ায় এবং গোপন গুদামের সন্ধান পেয়ে অভিযান চালায়। অভিযানে অবৈধ মজুতের সত্যতা মিললে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ইউপি সদস্য শাহিনুর ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, অভিযান চলাকালে কিছু ব্যক্তি ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা দেওয়ার চেষ্টা করে এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত সরে পড়ে। জব্দকৃত ডিজেল বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করার সুযোগ কাউকে দেওয়া হবে না।



