টিআরটি
ইস্তাম্বুল ফিলিস্তিনি বন্দীদের জন্য মৃত্যুদণ্ড বিল পাসের প্রস্তাবের তীব্র সমালোচনা করে ইসরাইলকে জাতিসঙ্ঘ থেকে সাময়িক বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন তুরস্কের পার্লামেন্ট স্পিকার নুমান কুর্তুলমুস। ইস্তাম্বুলে আয়োজিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ১৫২তম সাধারণ সভায় দেয়া ভাষণে তিনি এই দাবি জানান।
কুর্তুলমুস তার বক্তব্যে বর্ণবাদবিরোধী আন্দোলনের সময় দক্ষিণ আফ্রিকার ওপর আরোপিত নিষেধাজ্ঞার উদাহরণ টেনে বলেন, ১৯৭৪ সালে বর্ণবাদের দায়ে যেভাবে দক্ষিণ আফ্রিকার সদস্যপদ স্থগিত করা হয়েছিল বর্তমান পরিস্থিতিতে ইসরাইলের বিরুদ্ধেও একই পদক্ষেপ নেয়া প্রয়োজন। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে দেশটিকে বিশ্ব সংস্থা থেকে সরিয়ে দেয়ার এখনই সময় বলে তিনি মন্তব্য করেন।
তিনি প্রশ্ন তোলেন, একটি নির্দিষ্ট ভূখণ্ডে ফিলিস্তিনি ও ইসরাইলিদের জন্য পৃথক আইন কার্যকর করা কি বর্ণবাদ নয়? জাতিসঙ্ঘ বর্তমানে কেবল ক্ষমতাধর রাষ্ট্রগুলোর ইচ্ছানুযায়ী পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, এই সংস্থা গাজা সঙ্ঘাতসহ বিভিন্ন আন্তর্জাতিক সহিংসতা বন্ধে পুরোপুরি ব্যর্থ হয়েছে।



