সিলেটে ৭০০ বছরের ঐতিহ্য ‘লাকড়ি তোড়া’ উৎসবে ভক্তদের ঢল

শাহজালাল (রহ:)-এর ৭০৭তম ওরস ৭-৮ মে

Printed Edition
সিলেটে ৭০০ বছরের ঐতিহ্য ‘লাকড়ি তোড়া’ উৎসবে ভক্তদের ঢল
সিলেটে ৭০০ বছরের ঐতিহ্য ‘লাকড়ি তোড়া’ উৎসবে ভক্তদের ঢল

সিলেট ব্যুরো

প্রাচ্যে ইসলামের অন্যতম প্রচারক হজরত শাহজালাল (রহ:)-এর স্মৃতি বহন করা ৭০০ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় এ বছরও উদযাপিত হলো ‘লাকড়ি তোড়া’ উৎসব। প্রাচীনকাল থেকে চলে আসা এই উৎসবকে ঘিরে সিলেটে প্রতি বছরই তৈরি হয় প্রাণবন্ত এক আধ্যাত্মিক পরিবেশ। হজরত শাহ জালাল (রহ:)-এর জীবনের একটি শিক্ষণীয় ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠা এ উৎসব এবারও ভক্ত-অনুরাগীদের ব্যাপক অংশগ্রহণে পালিত হয়েছে। প্রতি বছর ওরসের প্রাক্কালে এই উৎসব পালিত হয়। আগামী ৭ও ৮ মে

হজরত শাহজালাল (রহ:)-এর ৭০৭তম বার্ষিক ওরস পালিত হবে বলে নিশ্চিত করেছেন মাজার কর্তৃপক্ষ।

গত বুধবার (১৫ এপ্রিল) জোহরের নামাজ শেষে মাজার প্রাঙ্গণে শুরু হয় ঐতিহ্যবাহী এই আয়োজন। এ সময় ঢাক-ঢোল, বাদ্য এবং সেøাগানে মুখর হয়ে ওঠে পুরো মাজার প্রাঙ্গণ।

‘শাহজালাল বাবা কি জয়’, ‘লালে লাল, বাবা শাহ জালাল’ ধ্বনিতে মুখর হয়ে হাজারো মানুষ খালি পায়ে যাত্রা করেন সিলেট শহরতলীর লাক্কাতুরা চা-বাগান সংলগ্ন টিলার উদ্দেশে, যা মাজার থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত।

ভক্তদের হাতে দেখা যায় লাল কাপড়ে মোড়ানো দা ও কুড়ালজাতীয় সরঞ্জাম, যা দিয়ে টিলার গাছের ডালপালা সংগ্রহ করা হয়। তবে স্থানীয় নিয়ম ও পরিবেশগত বিধিনিষেধের কারণে কোনো জীবন্ত গাছ কাটা হয়নি; বরং লাক্কাতুরা ও মালনীছড়া চা-বাগানের শ্রমিকদের পূর্বে সংগ্রহ করা ডালপালাই ব্যবহৃত হয়। প্রায় ৭০০ বছর ধরে পালিত হয়ে আসা এই ‘লাকড়ি তোড়া’ উৎসবের সাথে জড়িয়ে আছে হজরত শাহ জালাল (রহ:)-এর জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ‘লাকড়ি তোড়া’ যার অর্থ কাঠ সংগ্রহ ও কাটা।

ইতিহাসের বর্ণনা অনুযায়ী, সমাজে অবহেলিত নিচু বংশের এক কাঠুরিয়ার মর্যাদা প্রতিষ্ঠা ও মানবিক সমতার শিক্ষা প্রদানের উদ্দেশ্যেই এই প্রতীকী কার্যক্রমের সূচনা হয়।

পরে এটিকে কেন্দ্র করে গড়ে উঠে একটি বার্ষিক আয়োজন, যা ৭০০ বছর ধরে উদযাপিত হয়ে আসছে।

উৎসবের একপর্যায়ে লাক্কাতুরা টিলায় অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল। সেখানে অংশগ্রহণকারীদের মধ্যে তবারক বিতরণ করা হয়। এর পর ভক্তরা সংগৃহীত লাকড়ি নিয়ে পুনরায় মাজারে ফিরে আসেন এবং সেগুলো বড় দীঘিতে তিনবার ডুবিয়ে পরে নির্দিষ্ট স্থানে স্তূপ করে রাখা হয়।

আসন্ন হজরত শাহ জালাল (রহ:)-এর ওরসের শিরনি রান্নায় এই লাকড়িই ব্যবহার করা হবে বলে জানা যায়।