আমরা সিরিজ জিততেই এসেছি : লাথামষ ক্রীড়া প্রতিবেদক

Printed Edition

তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। দলে যদিও নিয়মিত তারকা ক্রিকেটারদের অনেকেই নেই। আইপিএল, পিএসএলে ব্যস্ত বেশির ভাগ ক্রিকেটার। ফলে দ্বিতীয় সারির দল নিয়েই ঢাকায় কিউইরা। তারকাদের না থাকাকে সমস্যা হিসেবে না দেখে সুযোগ হিসেবে দেখছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। আগের দিন প্রধান কোচ রব ওয়াল্টারও শুনিয়েছিলেন একই ধরনের কথা। তরুণদের এখন থেকেই বেশি বেশি ম্যাচ খেলিয়ে প্রস্তুত করার পক্ষে কিউই অধিনায়ক।

ল্যাথামের কথায়, আমরা এখানে সিরিজ জিততেই এসেছি। সবার মূল লক্ষ্য এটিই। এই পয়েন্টেই সবাই যেতে চাই। প্রতিটি ম্যাচেই শিখতে হবে যেন সিরিজের শেষ ভাগে গিয়ে নিজেরা ভালো অবস্থানে থাকতে পারি। দলে কিছুটা কম অভিজ্ঞ প্লেয়ার রয়েছে। তবে বাংলাদেশের বিপক্ষে খেলাটা তাদের জন্য ভালো সুযোগ হবে। আমার দায়িত্ব হচ্ছে সবার মাঝে এই কন্ডিশন সম্পর্কে অভিজ্ঞতাবিনিময় করা। সামনে যা আছে সেই পরিস্থিতি বুঝে সেভাবেই আমাদের খেলতে হবে।

লাথাম যোগ করেন, এখানে নিউজিল্যান্ডকে প্রতিনিধিত্ব করার আরো একটি সুযোগ পেলাম। প্রতিটি সুযোগই দারুণ রোমাঞ্চকর। অনেকে বিশ্বের নানা প্রান্তে খেলছে। এভাবেই ক্রিকেট এগোচ্ছে। অনেক লিগ হচ্ছে, সেগুলো আন্তর্জাতিক সিরিজের সাথে ক্ল্যাশও করছে। ফলে আমরা ভিন্ন ভিন্ন প্লেয়ার খেলাতে চাচ্ছি, যেন তারা দায়িত্ব নিতে শেখে।

উইকেট প্রসঙ্গে ল্যাথামের ভাষ্য, ভালো সারফেস মনে হচ্ছে। আগের সিরিজ, পাকিস্তান সিরিজ থেকে কিছু তথ্য নিচ্ছি। এখানে মানিয়ে নেয়াটাই আসল ব্যাপার। মাঠে নামতে সবাই মুখিয়ে আছে, সাথে অভিজ্ঞতা অর্জন করতেও।

বেলা ১১টায় ম্যাচ শুরুর প্রসঙ্গে লাথাম জানান, ‘সবাইকে মানিয়ে নিতে হবে। ব্যালান্স রাখতে হবে। বাংলাদেশের স্পিন এবং পেস দুই বিভাগেই শক্তিশালী। দিনের খেলা এখানে আগেও অনেক হয়েছে। যেকোনো প্রয়োজনে আমাদের মানিয়ে নিতে হবে এবং নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে। এমন কিছু সিচুয়েশন আছে, যা আমাদের হাতে নেই।

অপেক্ষাকৃত তরুণদের কাছে কী প্রত্যাশা থাকবে? জবাবে অধিনায়ক বলেছেন, আমরা চাই তারা যেন তাদের স্কিলটা কাজে লাগায়। অবশ্যই আমরা চাই ছেলেরা ঘরোয়া ক্রিকেটে নিউজিল্যান্ডে নিজ নিজ দলের হয়ে যেভাবে খেলেছে, এখানেও যেন সেভাবেই খেলে। যদি তারা তা করতে পারে, তাহলে নিজেদের সুযোগটা কাজে লাগাতে পারবে। সবাই নিউজিল্যান্ডের হয়ে কখনো না কখনো খেলেছে। ফলে তারা জানে আন্তর্জাতিক ক্রিকেট কী জিনিস। হয়তো অনেক ম্যাচ খেলেনি। তবে এখানে বেশি বেশি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিতে পারবে আগামীর জন্য।

‘এরকমটা আগেও হয়েছে। অনেকে আইপিএলে খেলার কারণে সিরিজ মিস করেছে। এবার তো পিএসএলও একসাথে হচ্ছে। এর ফলে অন্যদের সামনে সুযোগ আসছে। এটি নিউজিল্যান্ডের ক্রিকেটের জন্য ভালো ব্যাপার। স্কোয়াড বড় করা যাচ্ছে। বেশি প্লেয়ার পাওয়া যাচ্ছে।’ যোগ করেন লাথাম।

আবহাওয়া নিয়ে চিন্তিত কিউই অধিনায়ক, অবশ্যই এখানে গরম অনেক বেশি এবং নিউজিল্যান্ডের চেয়ে এখানকার কন্ডিশন অনেক ভিন্ন। এর সাথে যথাসম্ভব মানিয়ে নেয়ার জন্য আমরা যতটা সম্ভব সতেজ ও প্রস্তুত থাকার চেষ্টা করছি। আমাদের সমস্ত প্রাণশক্তি আগামীকালের (আজ) এক শ’ ওভারের জন্য নিবদ্ধ থাকবে। স্বাভাবিকের চেয়ে পানি পানের বিরতিও বেশি নিতে হতে পারে!