জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) প্রচেষ্টায় শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পরিপ্রেক্ষিতে ক্যাম্পাস-টু-চন্দ্রা রুটে বাস সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সপ্তাহে দুই দিন (রবি ও বৃহস্পতিবার) এই সার্ভিস পরিচালিত হবে।
গতকাল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে এই সার্ভিস উদ্বোধন করা হয়। এ সময় প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ উপস্থিত ছিলেন। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে দীর্ঘ পাঁচ থেকে ছয় মাসের প্রক্রিয়া শেষে এই সার্ভিস চালু করা সম্ভব হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সর্বদা আন্তরিক। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা চন্দ্রা রুট পুনরায় চালু এবং ভবিষ্যতে সাইনবোর্ড পর্যন্ত রুট সম্প্রসারণের বিষয়টি প্রশাসন ও জাকসুর যৌথ সিদ্ধান্তে নেয়া হয়েছে।
এ দিকে জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই বাস সার্ভিস চালু করা হয়েছে। বাস সঙ্কট ও বিভিন্ন জটিলতা থাকা সত্ত্বেও জাকসু শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এ ছাড়া যাত্রাবাড়ী সাইনবোর্ড রুটেও শিগগিরই নতুন বাস সার্ভিস চালু করা হবে। পরিবহন ও যোগাযোগ সম্পাদক তানভীর রহমান বলেন, শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে জাকসুর কার্যনির্বাহী সভায় বিষয়টি এজেন্ডাভুক্ত করা হয় এবং প্রশাসনের অনুমোদনের মাধ্যমে আজ (বৃহস্পতিবার) থেকে এই সেবা চালু করা হলো। প্রতি বৃহস্পতিবার গাজীপুর, আশুলিয়া ও চন্দ্রা সংলগ্ন এলাকার অনেক শিক্ষার্থী বাড়ি যায় এবং রোববার ক্যাম্পাসে আসে। তাদের যাতায়াতের সুবিধার কথা বিবেচনায় এনে এই রুটে বাস চালুর উদ্যোগ নেয়া হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সভাপতি মৃধা মো: শিবলী নোমান, জাকসু জিএস মো: মাজহারুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



