বাগমারায় বিএনপি নেতার বিরুদ্ধে নলকূপ দখলের অভিযোগ

Printed Edition

বাগমারা (রাজশাহী) সংবাদদাতা

বাগমারার যোগীপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি নজিবর রহমানের বিরুদ্ধে কৃষকদের বঞ্চিত করে একটি গভীর নলকূপ অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) বাগমারা জোনের সহকারী প্রকৌশলী ও স্থানীয় সংসদ সদস্যের কাছে এলাকার কৃষকদের পক্ষে পৃথকভাবে দু’টি অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগপত্রে যোগীপড়া গ্রামের রফিকুল ইসলাম, আাজিজুল হক ও মকলেছুর রহমানসহ এলাকার ৮৯ জন কৃষক স্বাক্ষর করেছেন।

জানা যায়, বিএমডিএ’র অধীনে কৃষকদের সেচসুবিধায় একটি গভীর নলকূপ স্থাপন করা হয়। অপারেটর হিসেবে নিয়োগ দেয়া হয় আজিজার রহমান নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে। পরে তাকে বাদ দিয়ে ওয়ার্ড বিএনপির সহসভাপতি নজিবর রহমানকে নিয়োগ দেয়া হয়। নলকূপের আওতায় তার জমি না থাকা এবং তাকে অপারেটর নিয়োগে এলাকার কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বর্তমানে নলকূপটি নজিবর রহমান এবং তার সহযোগী স্থানীয় আওয়ামী লীগ নেতা কামাল হোসেন ও আব্দুল খালেক যৌথ সিদ্ধান্তে কৃষকদের থেকে অতিরিক্ত সেচভাড়া আদায় করা হচ্ছে এবং বোরো ও আউশ মৌসুমে কৃষকদের জমি থেকে চার ভাগের এক ভাগ হারে ধান কেটে নেয়া হয়। অভিযুক্ত নজিবর রহমান বলেন, নিয়ম মেনেই নলকূপটি পরিচালিত হচ্ছে। বিএমডিএ বাগমারা জোনের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।