পররাষ্ট্রমন্ত্রী তিন দেশ সফরে গেছেন

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তিন দেশ সফরের উদ্দেশ্যে গতকাল ঢাকা ত্যাগ করেছেন। এই সফরে তিনি তুরস্ক, বেলজিয়াম ও ইথিওপিয়া যাবেন।

সফরের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী ১৭ থেকে ১৯ এপ্রিল তুরস্কে অনুষ্ঠেয় আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে অংশ নেবেন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানের উদ্যোগে আন্তালিয়ায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরাম কূটনীতিকদের উচ্চপর্যায়ের একটি সম্মেলন। ২১টি দেশের রাষ্ট্রপ্রধান, ৫২টি দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং সংসদ সদস্যরা এতে অংশ নেবেন। বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক যোগাযোগের একটি সেতু হিসেবে কাজ করে এই সম্মেলন। ভূ-রাজনৈতিক উত্তেজনা, ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন, ক্রমবর্ধমান বাণিজ্য বাধা এবং বহুপক্ষীয়তার ওপর ক্রমাগত চাপের মুখে বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তা এই সম্মেলনে গুরুত্ব পাবে। এই বছরের সম্মেলনের প্রতিপাদ্য ‘ম্যাপিং-টুমরো, ম্যানেজিং আনসারটেইনিটিস’।

তুরস্ক থেকে পররাষ্ট্রমন্ত্রী বেলজিয়াম যাবেন। এখানে তিনি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সমন্বিত অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ) সই প্রত্যক্ষ করবেন। এ চুক্তি বাংলাদেশ ও ইইউর মধ্যে কৌশলগত ও দীর্ঘমেয়াদি সম্পর্ককে আইনি ও রাজনৈতিক ভিত্তি দেবে। এটি বাণিজ্য, বিনিয়োগ, খাদ্যনিরাপত্তা, জ্বালানি, পরিবহন, মানবাধিকার ও সুশাসন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলা, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনসহ বিভিন্ন নীতিগত ক্ষেত্রে বাংলাদেশ ও ইইউর মধ্যে সম্পর্ক জোরদারে সহায়তা করবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম ইইউর সাথে পিসিএ সই করছে।

বেলজিয়াম সফর শেষে দেশে ফেরার পথে পররাষ্ট্রমন্ত্রী ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যাত্রাবিরতি করবেন। এসব সফর ও যাত্রাবিরতিতে তিনি জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতি পদে আসন্ন নির্বাচনে নিজ প্রার্থিতার পক্ষে সমর্থন চাইবেন। আগামী ২৪ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী দেশে ফিরে আসবেন।