মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর অভিযোগে একটি বেসরকারি হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের পানিছত্র এলাকার ‘কে. আই হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালটি সাময়িক বন্ধ করে দিয়েছে প্রশাসন। নিহত বিলকিস বেগম (৪৫) সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের রঘুরামপুর এলাকার সিরাজ আকনের স্ত্রী।
স্বজনদের অভিযোগ, গত বুধবার রাতে পিঠের ফোঁড়া অস্ত্রোপচারের জন্য বিলকিসকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক আহসান হাবিবের অস্ত্রোপচারের পর দীর্ঘক্ষণ জ্ঞান না ফেরায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গতকাল বৃহস্পতিবার সকালে স্বজনরা হাসপাতালে গিয়ে নিচতলায় ব্যাপক ভাঙচুর চালান এবং মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন।
নিহতের স্বজন হাসান মাতুব্বর বলেন, সামান্য ফোঁড়া কাটতে গিয়ে রোগী মারা গেল। এটা নিশ্চিত ভুল চিকিৎসা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীর অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় আইসিইউর জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছিল।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। হাসপাতালটি সাময়িক বন্ধ ঘোষণা করে চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।



