বিশেষ সংবাদদাতা চট্টগ্রাম
দেশে বিদ্যমান জ্বালানি সঙ্কটের মাঝে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সাতজন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিপিসির সচিব শাহিনা সুলতানার সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: ইউসুফ হোসেন ভূঁইয়াকে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে। যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী মো: আমীর মাসুদকে এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।
বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (নিরীক্ষা) মো: আবুল কালাম আজাদকে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে এবং বিপিসির বাণিজ্য ও অপারেশন্স বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদকে অর্থ বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে বদলি করা হয়ে।
স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী মাসুম হিমেলকে বিপিসির মহাব্যবস্থাপকের (বণ্টন ও বিপণন) দায়িত্ব দেয়া হয়েছে। বিপিসির চেয়ারম্যান দফতরে সংযুক্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসাইনকে সংস্থাটির বাণিজ্য ও অপারেশন্স বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে বদলি করা হয়েছে। বিপিসির অর্থ বিভাগের মহাব্যবস্থাপক মো: জাহাঙ্গীর কবিরকে মহাব্যবস্থাপক (নিরীক্ষা) হিসেবে বদলি করা হয়েছে।



