অবৈধ বালু উত্তোলনের সময় মাটি চাপায় শ্রমিক নিহত

Printed Edition

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের চকরিয়া উপজেলায় অবৈধ বালু উত্তোলনের সময় গর্তে চাপা পড়ে শামসুল আলম (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বুধবার উপজেলার খুটাখালী ইউনিয়নের ছাড়াখাল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে একটি প্রভাবশালী চক্র মাতামুহুরি নদী, ছড়া খাল ও শাখা নদীসহ কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন খুটাখালী বনবিট এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। অভিযোগ রয়েছে, বনাঞ্চলের ভেতরে সেলু মেশিন ব্যবহার করে এসব কার্যক্রম চালানো হচ্ছে।

ঘটনার দিন বিকেল ২টার দিকে শ্রমিকরা পাহাড়ের পাদদেশ থেকে বালু উত্তোলন করছিলেন। এ সময় হঠাৎ ওপর থেকে বালু ধসে পড়ে শামসুল আলম গর্তে আটকা পড়েন। সহকর্মীরা পাঁচ থেকে ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। থানা পুলিশ লাশ উদ্ধার করে।

নিহত শামসুল আলম উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকার মৃত অলি আহমদের ছেলে বলে জানা গেছে।