খাল খনন উদ্বোধন প্রতিমন্ত্রীর
দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির ধারাবাহিকতায় পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় চড়খালি কাটাখাল ও ভারানীর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। গত বুধবার সকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, নদী-নালা ও খাল পুনরুদ্ধার বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক উদ্যোগ। এর মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বাড়বে। তিনি জানান, সঠিক পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। এ সময় পিরোজপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিস ইসরাত জাহান, ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হাসিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার ভূমি উজ্জ্বল হালদার, ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা।
শ্মশান থেকে মাথার খুলি চুরি
মানিকগঞ্জের হরিরামপুরে সনাতন ধর্মাবলম্বীদের শ্মশানঘাট থেকে মাথার খুলি চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ধূলশুড়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে রাজেশ বিশ্বাস (৩৪), বাবুরহাটি গ্রামের সুশীল সরকারের ছেলে শিশির সরকার (২১) ও একই গ্রামের প্রতিত বিশ্বাসের ছেলে দীপক বিশ্বাস (২২)। জানা যায়, গত মঙ্গলবার গভীর রাতে ধূলশুড়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের মহাশ্মশান থেকে খুলি চুরি হয়। এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ খুলি চুরির দায়ে শ্মশানের সভাপতি দ্বিজেন হালদার বাদি হয়ে গত বুধবার হরিরামপুর থানায় গ্রেফতারকৃত তিনজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। হরিরামপুর ( মানিকগঞ্জ) সংবাদদাতা।
বেশি দামে এলপি গ্যাস বিক্রি
বরিশালের উজিরপুরে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রি হচ্ছে। উপজেলার বাজারগুলোতে তদারকির অভাব ও কৃত্রিম সঙ্কটের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। সরকারি সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করেছে এক হাজার ৭২৮ টাকা। তবে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকা ও পাড়া-মহল্লার দোকানে দুই হাজার থেকে দুই হাজার ১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গতকাল সরেজমিন ঘুরে দেখা যায় কৃত্রিম সঙ্কট দেখিয়ে অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে। অনেক দোকানে গ্যাস বিক্রির বৈধ অনুমতি না থাকলেও তারা নিয়মিত ব্যবসা চালিয়ে যাচ্ছে। উপজেলার স্থানীয় বাসিন্দারা বলছেন বাজারে নিয়মিত তদারকি না থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের অভিযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বড় প্রতিষ্ঠানে অভিযান চালালেও পাড়া-মহল্লার দোকানগুলো নজরদারির বাইরে থেকে যাচ্ছে। উজিরপুর (বরিশাল) সংবাদদাতা।
তেল নিতে গিয়ে পুলিশকে মারধর
নওগাঁর নিয়ামতপুরে ফিলিং স্টেশনে পুলিশের ওপর চড়াও হয়ে পুলিশের ইউনিফর্ম ছিড়ে ফেলা ও সরকারি কাজে বাধাদান করার কারণে দেলোয়ার হোসেন ডেভিড (৩০) নামের এক যুবক গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার উপজেলার গাবতলী এলাকার ইসলাম ফিলিংস্টেশনে এ ঘটনা ঘটে। দেলোয়ার হোসেন গাবতলী এলাকার সাইদুর হোসেনের ছেলে। পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, ফিলিং স্টেশনে আ বুধবার পেট্রোল ও অকটেন বিতরণে পুলিশের একটি দল সহযোগিতা করছিল। দেলোয়ার হোসেন মূল রাস্তায় ব্যবহৃত মোটরসাইকেল দাঁড় করালে যানজটের সৃষ্টি হয়। ভুক্তভোগী পুলিশের উপপরিদর্শক (এএসআই) সিদ্দিকুর রহমান যানজট নিরসনের স্বার্থে মোটরসাইকেল সরিয়ে নিতে বললে রাগান্বিত হয়ে গাড়ি সরাবেন না বলে অনড় থাকেন। দ্বিতীয়বার গাড়ি সরিয়ে নিতে বললে অকথ্য ভাষায় গালিগালাজ করে পুলিশ সদস্যের পরিহিত ইউনিফর্ম ছিড়ে ফেলে এবং কিল-ঘুসি মারতে থাকে। পরে তেল নিতে আসা অন্যান্য চালক এগিয়ে এসে পুলিশ সদস্যকে উদ্ধার করে। নওগাঁ প্রতিনিধি।
গণধর্ষণ মামলার ৩ আসামি গ্রেফতার
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রেমিককে ভয়ভীতি দেখিয়ে এক তালাকপ্রাপ্ত নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী শেষে তাদের কারাগারে প্রেরণ করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সুরাবই গ্রামের জলফু মিয়ার ছেলে মো: কাউছার মিয়া, তার বন্ধু তাজুল ইসলাম মনির ও আলমগীর হোসেন। গত ৬ এপ্রিল রাতে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী নারী বাদি হয়ে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, ওই নারী কুমিল্লা জেলার দেবীদ্বার থানার ধামতী এলাকার বাসিন্দা। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় প্রায় চার মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর তিনি শায়েস্তাগঞ্জের শৈলজুরা এলাকায় বাসা ভাড়া নিয়ে একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। এ সময় সুমন মিয়া নামে এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৬ এপ্রিল রাতে ওই নারী তার প্রেমিক সুমন মিয়াকে নিয়ে অলিপুর সিটি পার্কের সামনে যাওয়ার পথে সুরাবই এলাকার নাপিতটিলায় পৌঁছালে তাজুল ইসলাম মনির, কাউছার মিয়া ও আলমগীর হোসেন তাদের গতিরোধ করে। এ সময় তারা ভয়ভীতি প্রদর্শন করলে সুমন মিয়া পালিয়ে যায়। পরে ওই তিন যুবক ভুক্তভোগীকে জোরপূর্বক পাশের একটি রাবার বাগানে নিয়ে রাতভর গণধর্ষণ করে। শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা।
অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান
নরসিংদীর ঘোড়াশাল এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসনের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালিত হয়েছে। গত বুধবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ প্রায় ২০ জন পুলিশ সদস্য নিয়ে এ অভিযান চালায়। নরসিংদীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভর নেতৃত্বে গোপন সংবাদের পলাশ উপজেলার ঘোড়াশালের মিয়াপাড়া এলাকায় ও পরে টেকপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগ ও নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় মোট ২ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়াও অভিযানকালে অবৈধ গ্যাস সংযোগগুলো তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে প্রায় ছয় লাখ টাকা বকেয়া বিল আদায় করা হয়েছে, যা সরকারি রাজস্ব বৃদ্ধিতে ভূমিকা রাখবে। অভিযান চলাকালে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্যাসের সঠিক ব্যবহার, অবৈধ সংযোগের ঝুঁকি এবং এর আইনি পরিণতি সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়। নরসিংদী প্রতিনিধি।
ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা লুট
চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে তিন লাখ টাকা ডাকাতির ঘটনায় সাবেক সেনা সদস্যসহ দুইজনকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ। গত বুধবার ভোরে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছরা বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন। গ্রেফতাকৃতরা হলেনন, মিরসরাই সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মান্দার বাড়ীয়া এলাকার মো: মাহফুজ মিয়ার ছেলে মো: নাহিদ হোসেন বাবু (২৯) ও জোটপুনি এলাকার ফরিদ আহাম্মদের ছেলে সাহেদ আহমেদ রিয়াজ (২৩)। নাহিদ হোসেন বাবু বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সৈনিক পদে নিয়োজিত ছিলেন। মিরসরাই থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯ টার দিকে সাবেক সেনা সদস্য মো: নাহিদ হোসেনের মুরগির খামার থেকে মুরগি ক্রয় করতে আসেন চট্টগ্রামের জালালিয়া চিকেন সাপ্লাই নামের একটি প্রতিষ্ঠানের ছয়জন কর্মকর্তা। এ সময় তাদেরকে কৌশলে মিরসরাই সদর ইউনিয়নের কামার গ্রামের শ্মশান এলাকায় নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে তাদেরকে কুপিয়ে মারাত্মক জখম করে নগদ তিন লাখ তিন হাজার টাকা ও চারটি হ্যান্ডসেট মোবাইল ফোন লুটে নিয়ে যায়। মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা।



