নিজস্ব প্রতিবেদক
বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠান আজ শুক্রবার শুরু হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি জানান, যারা প্রার্থী হতে চান তারা অনেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই প্রেক্ষিতে দলের মনোনয়ন বোর্ড আগামীকাল শুক্রবার ৩টার সময় সাক্ষাৎকার গ্রহণ করবে।
মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। রিজভী আরো বলেন, আজ শুক্রবার বেলা ৩টা থেকে এবং আগামী শনিবার বেলা ৩টা থেকে মনোনয়নপত্র যারা জমা দিয়েছেন তাদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। শুক্রবার রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগ এবং এই শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠান গ্রহণ করা হবে।



