ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেছেন, মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়নে শুধু পাঠদান নয়; বরং সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তবায়নের মাধ্যমেই এ উদ্যোগের প্রকৃত সাফল্য আসবে এবং মাদরাসা শিক্ষায় দৃশ্যমান পরিবর্তন সম্ভব হবে।
বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে গতকাল কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত দু’দিনব্যাপী ‘মাদরাসা প্রধানগণের দক্ষতা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ-২০২৬” কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী মাদরাসার অধ্যক্ষদের মাঝে সনদ প্রদান করেন ভিসি প্রফেসর ড. আবু জাফর খান। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মমতাজী, পরিকল্পনা ও উন্নয়ন দফতরের (ভারপ্রাপ্ত) পরিচালক জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট দফতরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



