কালিয়াকৈরে ইবনে সিনার কর্মচারীর লাশ উদ্ধার

Printed Edition

গাজীপুর মহানগর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সফিপুর আনসার একাডেমির লেকপাড় থেকে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানার এক কর্মীর লাশ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের দেয়া খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। শরীরে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে আইনশৃঙ্খলাবাহিনী।

নিহত ব্যক্তি মো: শফিকুল ইসলাম বুলবুল (৫২)। তিনি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ভাতগ্রাম এলাকার বাসিন্দা এবং বর্তমানে কালিয়াকৈরের সফিপুর পূর্বপাড়া এলাকার একতা টাওয়ারের নবম তলায় পরিবারসহ বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে কর্মস্থল থেকে স্ত্রীকে নিয়ে আসার উদ্দেশ্যে বাসা থেকে বের হন শফিকুল ইসলাম। তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও তিনি আর ফিরে আসেননি। পরে তার স্ত্রী কারখানা ছুটি শেষে স্বামীকে না পেয়ে একাই বাসায় ফেরেন। রাতভর খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা আনসার একাডেমির লেকপাড়ে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে বিশেষ করে বাম উরুতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা রহস্য আরো ঘনীভূত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়লে স্বজন ও সহকর্মীরা থানায় গিয়ে লাশ শনাক্ত করেন।

কালিয়াকৈর থানার পরিদর্শক মো: শহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, ‘নিহত ব্যক্তি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানার উৎপাদন সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা রুজু হয়েছে।’

গাজীপুরের পুলিশ সুপার মো: শরিফ উদ্দিন বলেন, ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে একাধিক টিম মাঠে নেমেছে এবং প্রযুক্তির সহায়তায় বিভিন্ন দিক যাচাই-বাছাই চলছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যেই ঘটনার রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।