এএফপি
স্পেনের জ্বালানি প্রতিষ্ঠান রেপসোল জানিয়েছে, ভেনিজুয়েলায় তাদের তেল ব্যবসার কার্যক্রমের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে দেশটির সরকারের সাথে একটি চুক্তি করা হয়েছে। এর মাধ্যমে আগামী বছরগুলোতে উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে তাদের।
এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, চুক্তির ফলে ভেনিজুয়েলার পূর্বাঞ্চলের তেলক্ষেত্র উন্নয়ন ও পরিচালনার জন্য গঠিত ‘পেট্রোকুইরিকুইরে’ যৌথ উদ্যোগের পরিচালনা নিয়ন্ত্রণ কার্যক্রম ফের শুরু করতে পারবে। কোম্পানিটি জানায়, প্রয়োজনীয় শর্ত পূরণ হলে আগামী ১২ মাসে দেশে মোট তেল উৎপাদন ৫০ শতাংশ বাড়াতে প্রস্তুত তারা। তিন বছরের মধ্যে উৎপাদন তিনগুণ পর্যন্ত বাড়ানো সম্ভব হতে পারে।
রেপসোলের অনুসন্ধান ও উৎপাদন বিভাগের প্রধান ফ্রান্সিসকো গেয়া বলেন, এই চুক্তি ভেনিজুয়েলার প্রতি রেপসোলের প্রতিশ্রুতির প্রতিফলন।



