দেশের তরুণ ডায়াবেটিস রোগীদের নিয়ে গবেষণার ফলাফল প্রকাশ বিএমইউর

Printed Edition

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) গতকাল বাংলাদেশে তরুণ ডায়াবেটিস রোগীদের নিয়ে গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়, তরুণ ডায়াবেটিস রোগীদের পাঁচজনে একজন মডি নামের বিশেষ ধরনের ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিস বিশেষজ্ঞরা সঠিক চিকিৎসা নিশ্চিত করতে মডি শনাক্তকরণ ও জেনেটিক্যাল রিসার্চে গুরুত্বারোপ করেন।

বিএমইউর শহীদ ডা: মিলন হলে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, গবেষণায় অংশগ্রহণকারী সন্দেহভাজন তরুণ ডায়াবেটিস রোগীদের প্রায় প্রতি পাঁচজনে একজনের ক্ষেত্রে ‘ম্যাচিউরিটি অনসেট ডায়াবেটিস ইন ইয়াং (মডি)’ নামে পরিচিত বিশেষ ধরনের ডায়াবেটিস সম্পর্কিত কিছু জিনে পরিবর্তন দেখা গেছে। অর্থাৎ সন্দেহভাজন তরুণ রোগীদের প্রায় প্রতি পাঁচজনের মধ্যে একজনের নির্দিষ্ট কিছু জিনে পরিবর্তন ছিল, যা মডি নাামে পরিচিত একটি বিশেষ ধরনের ডায়াবেটিসের সাথে সম্পর্কিত।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী বলেন, বাংলাদেশে এ ধরনের জেনেটিক্যাল স্টাডি অত্যন্ত জটিল ও কঠিন। তবে রোগীদের জন্য, চিকিৎসকদের জন্য এমন গবেষণা আরো হওয়া প্রয়োজন, যা রোগীদেরকে সঠিক চিকিৎসাসেবা দিতে বিশেষ অবদান রাখবে।

বিএমইউর এন্ডোক্রানোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: এম এ হাসানাতের সভাপতিত্বে অনুষ্ঠানে গবেষক ডা: মাশফিকুল হাসান, অধ্যাপক ডা: ইন্দ্রজিৎ প্রসাদ, ডা: মোহাম্মদ সলিমুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি।