বরিশাল ব্যুরো
নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে, সেই সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
গতকাল নিজ জেলা ভোলা সফরের অংশ হিসেবে দুপুরে বরিশাল সার্কিট হাউজে অবস্থানকালে তিনি এ কথা বলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার আরো বলেছেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়। গণতান্ত্রিক ব্যবস্থা আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব। বর্তমানে পড়াশোনা ও খেলাধুলার থেকে রাজনীতির প্রতি মানুষের বেশি আকর্ষণ। বাংলাদেশটা স্বাধীন হয়েছে রাজনৈতিক আগ্রহের কারণে। কখনো আবার স্বৈরশাসন যখন মানুষের ওপর চেপে বসে, সে সময় ছাত্র-যুবকরাই জনগণের পক্ষ থেকে রাজপথে নেমে এসে তার অবসান ঘটিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে আবার ফিরিয়ে এনেছে।
তিনি বলেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সম্প্রীতি অর্জন সম্ভব নয়, সেই দিক দিয়ে রাজনীতি একটি ভালো দিক আমি লক্ষ করেছি। এর মাধ্যমে সাধারণ মানুষের সচেতনতা বেড়েছে। গণতন্ত্রের প্রতি তাদের ঐকান্তিক আগ্রহ বেড়েছে। এটি বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে।
স্পিকার বরিশালের তার শৈশবের সময়ে কাটানো দিনগুলোর স্মৃতিচারণ করেন। এর আগে বরিশাল সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার দেয়া হয়।
এ ছাড়া বরিশালের ভোলা জেলা জনকল্যাণ সমিতি, বরিশালের পক্ষ থেকে স্পিকারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে সেখান থেকে নিজের সংসদীয় এলাকা ভোলার উদ্দেশে তিনি রওনা দেন।



