সংসদ প্রতিবেদক
আমেরিকার টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম আসায় জাতীয় সংসদে তাকে অভিনন্দন জানিয়েছেন চিফ হুইপ মো: নূরুল ইসলাম মনি। এ সময় প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে কবিতাও আবৃত্তি করেন তিনি। সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়ে এ সময় আনন্দ প্রকাশ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিন গতকাল বৃহস্পতিবার দুপুরে বিষয়টি উত্থাপন করেন চিফ হুইপ। ডেপুটি স্পিকার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে চিফ হুইপ বলেন, টাইম ম্যাগাজিন পত্রিকায় বিশ্বের সেরা ১০০ ব্যক্তিত্বের মধ্যে আমাদের সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম আছে, তিনি সম্মানিত হয়েছেন। তিনি (প্রধানমন্ত্রী) সম্মানিত মানে দেশকে সম্মানিত করা, প্রধানমন্ত্রী এই জাতিকে সম্মানিত করেছেন। সংসদের তরফ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি।
নূরুল ইসলাম মনি এ সময় সরকারের দুই মাসে গৃহীত বিভিন্ন কর্মসূচির বর্ণনা তুলে ধরে বলেন, ১৭ বছর পর দেশে এসে তিনি মানুষের মধ্যে আশা জাগিয়েছেন। মানুষের হাতের আঙুলে ভোটের কালি শুকানোর আগেই তিনি তার কাজ বাস্তবায়ন শুরু করেছেন।
চিফ হুইপ তার বক্তব্যে প্রধানমন্ত্রীর দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে বলেন, তিনি ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরে মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছেন। দেশের মানুষ বিপুল ভোটে তাকে বিজয়ী করে সংসদে পাঠিয়েছে। মানুষের সেই প্রত্যাশা পূরণে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে চিফ হুইপ বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড দেয়ার উদ্যোগের দ্রুত বাস্তবায়ন। পয়লা বৈশাখে উদ্বোধন হওয়া কৃষক কার্ডকে কৃষি খাতে একটি ‘যুগান্তকারী বিপ্লব’ হিসেবে অভিহিত করা হয়। ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের পুরোহিতদের জন্য সম্মানী ও ভাতার ব্যবস্থা করা এবং প্রথম কেবিনেট বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফসহ ঋণসহায়তার সিদ্ধান্ত। বক্তব্যের শেষ পর্যায়ে চিফ হুইপ একটি আবেগঘন কবিতা পাঠ করেন।
তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্ব কেবল সামনে হাঁটা নয়, বরং অসংখ্য ক্লান্ত মানুষের চোখে স্বপ্ন জাগিয়ে তোলা। চিফ হুইপের বক্তব্যের পর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এই অর্জন (টাইম ম্যাগাজিনের স্বীকৃতি) আমাদের গোটা জাতি তথা দেশের অর্জন।
এর আগে নবম, দশম, একাদশ ও দ্বাদশ সংসদে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে প্রতিনিয়ত গান ও কবিতা পাঠ হলেও ত্রয়োদশ সংসদে এটিই প্রথম। গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের যাত্রা শুরু হয়। ওই দিনই সংসদের বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রখ্যাত কবি আল মাহমুদের কবিতা আবৃত্তি করেছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে সংসদের বৈঠকে বেশ কয়েকজন সদস্য গান গেয়ে ও কবিতা পাঠ করে আলোচিত হয়েছিলেন। তৎকালীন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফিস ওসমান ও ফোকশিল্পী মমতাজ ছিলেন অন্যদের তুলনায় এগিয়ে।



