সিলেটে যৌতুকবিহীন বিয়েতে এক হলো সিলেট ও রংপুরের ১২৬ জোড়া হাত

Printed Edition

সিলেট ব্যুরো

বৈশাখের ঝলমলে রোদ সকাল থেকেই বেশ আলো ছড়াচ্ছে। আগের রাতের ঝড়ো আবহাওয়ার কোনো রেশ নেই কোথাও।

ঝলমলে এমন দিনে গতকাল ঐতিহাসিক ঘটনার সাক্ষী হলো আধ্যাত্মিক নগরী সিলেট। এদিন একসাথে রংপুর ও সিলেট অঞ্চলের ৬৩ জন এতিম মেয়ের বিয়ের আয়োজন ছিল নগরীর বালুচরের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে।

যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের সংগঠন সিডস অব সাদকাহর আয়োজনে অনুষ্ঠানে বিনা খরচে ১২৬ জোড়া হাত এক হয়। অনুষ্ঠানঘিরে ছিল বিরাট আয়োজন। যৌতুকবিহীন এই বিয়েতে দেশ বিদেশ থেকে বিশিষ্টজনদের সম্মিলন ঘটে।

বিশিষ্ট চিকিৎসক ডা: রেদওয়ানুর রহমানের সঞ্চালনায় এতে সম্মানিত অতিথি ছিলেন রংপুর-১ আসনের এমপি রায়হান সিরাজী, রংপুর-৩ আসনের হাবিবুর রহমান বেলাল এবং সিলেট প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর।

সিডস ও সাদাকাহ এর পক্ষ থেকে বক্তব্য রাখেন আবুল খায়ের এবং জয়নুল আবেদীন রুহেল। এ সময় তারা বলেন, আশা করি আজ যাদের হাত আমরা এক করে দিতে পেরেছি তারা একেকটি আদর্শ পরিবার হবেন।

যৌতুকবিহীন বিয়ে যে চাইলেই সম্ভব এই অনুষ্ঠান তার প্রমাণ। বর্তমান সময়ে বিয়ে এক কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু নবী সা: বিয়ে সহজ করতে বলেছেন। আমরা চেষ্টা করছি বিয়েকে সহজীকরণের প্রয়াসে নিজেদের অবস্থান থেকে অবদান রাখতে।

দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ ও টিভি মিডিয়া ব্যক্তিত্ব শাহ ওয়ালীউল্লাহ বিয়ের খুতবা দেন এবং এক এক করে ৬৩টি বিয়ে পড়ান। পরে সবার সুখ ও শান্তি কামনা করে মুনাজাত করা হয় এবং বিয়ের অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

বিয়েতে বর কনেকে আলাদা আলাদা উপহার দেয়া হয়। এর মধ্যে পোশাক ছাড়াও ছিল খাট, বালিশ, তোশক, তৈজসপত্রসহ গৃহস্থালী সামগ্রী।