আদালত প্রতিবেদক
রাজধানীর গুলশান-২ এলাকায় ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির তারিখ পিছিয়ে আগামী ৬ মে নির্ধারণ করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ-৫ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শুনানি শেষে এ নতুন তারিখ ধার্য করেন।
দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটির চার্জগঠনের শুনানির জন্য গতকাল দিন নির্ধারিত ছিল। তবে বিচারিক ব্যস্ততার কারণে শুনানি পেছানো হয়েছে।
এর আগে, গত ৮ এপ্রিল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত থেকে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ঢাকার বিশেষ জজ-৫ আদালতে স্থানান্তরের নির্দেশ দেয়া হয়। গত ১৮ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
দুদকের অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে অভিযুক্তরা কোনো অর্থ পরিশোধ ছাড়াই গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট দখল ও রেজিস্ট্রি করে। এ ঘটনায় পরস্পর যোগসাজশ ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।
মামলাটি চলতি বছরের জুলাইয়ে হাইকোর্টে রিটের মাধ্যমে সাময়িকভাবে তদন্ত স্থগিত থাকলেও পরে তদন্ত শেষে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।



