রেজিস্ট্রেশন বিভাগের জনবলের বিরুদ্ধে অপপ্রচারে ব্যবস্থা নেয়ার দাবি

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন বিভাগের কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন জানিয়েছে, সম্প্রতি কিছু অনলাইনভিত্তিক পোর্টাল, ভার্চুয়াল মিডিয়া এবং ফেসবুকভিত্তিক কনটেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর ও অশালীন কনটেন্ট প্রচার করা হচ্ছে। এসব প্রচারের মাধ্যমে বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত ও পারিবারিক মর্যাদা ক্ষুণœ করার পাশাপাশি প্রশাসনিক ভাবমর্যাদাও নষ্ট করা হচ্ছে বলে দাবি করা হয়েছে।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে রেজিস্ট্রেশন বিভাগকে আধুনিকায়ন ও সেবার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন। অথচ একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা বিভাগের কর্মপরিবেশ ও মনোবলে নেতিবাচক প্রভাব ফেলছে।

বিবৃতিতে আরো বলা হয়, অতীতে সুবিধাভোগী একটি গোষ্ঠী বর্তমানে বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিস্ট ও কনটেন্ট ক্রিয়েটরদের সাথে যুক্ত হয়ে এ ধরনের অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে ঘিরেও রেজিস্ট্রেশন বিভাগ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিভ্রান্তিকর প্রচার চালানো হয়েছে বলে দাবি করা হয়।

অ্যাসোসিয়েশন মনে করে, যদি পূর্ববর্তী সময়ে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ থেকে থাকে, তবে তা তদন্তের মাধ্যমে নিরূপণ করা সরকারের দায়িত্ব। তারা নিরপেক্ষ তদন্তকে স্বাগত জানাবে এবং দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পক্ষে অবস্থান নিয়েছে।

তবে একই সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিডিয়া ট্রায়াল’ এবং ভিত্তিহীন প্রচারণা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। সংগঠনটির মতে, এসব অপপ্রচার শুধু ব্যক্তিগত নয়, বরং রাষ্ট্রীয় প্রশাসনিক সেবার ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।

এ অবস্থায় বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন ওই মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।