মদনে স্ত্রীর রগ ও কব্জি কাটলেন স্বামী

Printed Edition

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার মদনে পারিবারিক কলহের জেরে এক সিনিয়র স্টাফ নার্সের পায়ের রগ ও হাতের কব্জি কেটে দেয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সকালে পৌর সদরের ভাদেরা রোড এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী আরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ।

আহত মারুফা আক্তার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কর্মস্থলে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরিফুল ইসলাম টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাসিন্দা এবং ঢাকায় একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত। তাদের আট বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে গতকাল বৃহস্পতিবার সকালে মারুফার সাথে আরিফুলের বাগি¦তণ্ডা হয়। একপর্যায়ে আরিফুল ধারালো অস্ত্র দিয়ে মারুফার ডান পায়ের রগ ও হাতের কব্জি কেটে দেন। তবে মারুফার দাবি, হাসপাতালের এক সুপারভাইজারের উসকানিমূলক কথায় তার স্বামী মানসিক ভারসাম্য হারিয়ে এ কাণ্ড ঘটিয়েছেন।

মদন থানার ওসি হাসনাত জামান বলেন, ঘটনার পর অভিযুক্ত স্বামী আরিফুলকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।