রাতের আঁধারে ফসলি জমির মাটি কেটে বিক্রি

Printed Edition

নোয়াখালী অফিস

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে ইটভাটায় মাটি সরবরাহের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হয়ে ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা।

জানা গেছে, উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের চর বজলুল করিম গ্রামে রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে নিয়মিত মাটি উত্তোলন করে ট্রাক ও পিকআপে করে ইটভাটায় নেয়া হচ্ছে। প্রশাসনের অভিযানেও এ কার্যক্রম থামছে না। সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালিয়ে একটি বেকো মেশিন জব্দ করলেও কিছুদিনের মধ্যেই আবার শুরু হয়েছে মাটি কাটা।

অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী নেতা মোজাম্মেল জমির মালিকানা দাবি করে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে জমির প্রকৃত মালিক মো: নুরুল ইসলাম জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে একাধিকবার লিখিত অভিযোগ দিলেও কার্যকর ফল পাননি।

অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো: আরিফ হোসেন জানান, কৃষিজমি নষ্ট করে মাটি কাটার বিরুদ্ধে মামলা নেয়ার সিদ্ধান্ত হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।