ড্রোনের সাহায্যে প্রাণী উদ্ধার

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কথা বিশ্বের বাকি মানুষজন প্রায় ভুলেই গেছেন। কিন্তু সেই দুই দেশের মধ্যে যুদ্ধ এখনও অব্যাহত। তা আমরা ভুলে গেলেও, ইউক্রেনের মানুষজন ভুলতে পারছেন না। ২০২২ সাল থেকে শুরু হওয়া এই সঙ্ঘাত বার বার অবসানের চেষ্টা করেছে আমেরিকাসহ বিভিন্ন দেশ। তবে এখনো তা বাস্তবায়িত হয়নি। ইউক্রেনের উপর হামলা করার ‘অপরাধে’ বিশ্বের অনেক দেশই রাশিয়ার সঙ্গে দূরত্ব তৈরি করেছে। অবোলা প্রাণীগুলোও যুদ্ধের মাশুল গুনছে। রাশিয়ার ইউক্রেনের উপর করা হামলার নানা ভিডিওই সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলে দেখা যাচ্ছে। তবে এবার সামনে এল একটি মন ভালো করা ভিডিও। ধ্বংসপ্রাপ্ত জায়গা থেকে ড্রোনের মাধ্যমে উদ্ধার করা হলো এক বিড়াল এবং কুকুরকে। সে ভিডিওই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের খারকিভ অঞ্চলের কুপিয়ানস্কের কাছ থেকে বিড়াল এবং কুকুরটিকে উদ্ধার করা হয়েছে।

ভাইরাল সেই ভিডিওয়ে দেখা গিয়েছে, মেঝের উপর পড়ে রয়েছে দু’টি বস্তা। এক ইউক্রেনীয় সেনা গিয়ে সেটি খুলতেই বেরিয়ে এল একটি কুকুর। কুকুরটি ছলছল চোখে সেনার দিকে তাকাল। মনভরে আদরও খেল। তার পর খোলা হল দ্বিতীয় বস্তা। সেখান থেকে বেরোল একটি বিড়াল। বিড়ালটি আশপাশ ভাল করে দেখে বোঝার চেষ্টা করল যে সে এখানে আদৌ নিরাপদ কি না। তার পর সেনারা তার উপর আদরের বর্ষণ ঘটাল। মন ভালো করা সেই ভিডিওই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

জানতে পারা গিয়েছে, সম্মুখসমরে থাকা সেনাদের কাছে যে ড্রোনের সাহায্যে খাবার পাঠানো হয়, সেটি দিয়েই বিড়াল এবং কুকুরটিকে উদ্ধার করা হয়েছে। তার পর তাদের নিরাপদ স্থানে পৌঁছে দেয়া হয়েছে। বিড়াল এবং কুকুরটিকে বস্তায় ঢুকিয়ে ড্রোনে তুলে আনা হয়েছে। প্রায় ১২ কিলোমিটার উড়িয়ে অবোলা প্রাণী দু’টিকে সুরক্ষিত স্থানে পৌঁছোনো হয়েছে।