চবিতে বকেয়া চাওয়ায় দোকান ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

বকেয়া টাকা চাওয়ায় এক দোকানিকে মারধর ও দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক জালাল সিদ্দিকীর বিরুদ্ধে। গত বুধবার রাতে চবি ক্যাম্পাসে ঝুপড়ি এলাকার একটি দোকানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিশ^বিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রাক্তন ছাত্র হামিদ বর্তমানে ঝুপড়ি এলাকায় একটি দোকান করে সংসার চালান। দোকানে টাকা বাকি রাখা নিয়ে ছাত্রদল নেতা জালাল সিদ্দিকীর সাথে দোকানি হামিদের কথা কাটাকাটি হয়। এর জেরে দোকানিকে মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটে। দোকানদারের অভিযোগ, কথা বলার একপর্যায়ে জালাল সিদ্দিকী আমার গায়ে হাত তুলেছেন। এ সময় ভাঙচুরও করা হয়। তবে ঘটনার পর তিনি আমার কাছে ক্ষমা চেয়েছেন এবং ক্ষতিপূরণ দিবেন বলে আশ^াস দেন।

অভিযুক্ত ছাত্রদল নেতা জালাল সিদ্দিকী বলেন, দোকানদার সবার কাছে বলে বেড়াচ্ছেন, আমি নাকি তার দোকানে টাকা বাকি রেখেছি। এই কথা শোনার পর আমি নিজের মেজাজ হারিয়ে ফেলি। ভাঙচুর বা মারধর করিনি, সামান্য কথা কাটাকাটি হয়েছে। পরে আমি ঘটনার জন্য তার কাছে গিয়ে দুঃখ প্রকাশ করেছি।