হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার আহ্বান চীনের

Printed Edition

সাউথ চায়না মর্নিং পোস্ট

হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল শুরুর উদ্যোগ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির প্রতি আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি এক বিবৃতিতে এই জলপথ দিয়ে নৌযান চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

ওয়াং ই বলেন যে হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে যেমন সম্মান করা ও সুরক্ষিত রাখা উচিত একই সাথে এই আন্তর্জাতিক জলপথের নিরাপত্তা নিশ্চিত করাও প্রয়োজন। তিনি জানান, প্রণালীটি উন্মুক্ত রাখার বিষয়ে সব পক্ষেরই আগ্রহ রয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন যে, বেইজিং চলমান পরিস্থিতিতে যুদ্ধবিরতি বজায় রাখা এবং আলোচনার মাধ্যমে সঙ্কট সমাধানের পক্ষে জোরালো সমর্থন দিচ্ছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে শান্তি বজায় রাখাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার থেকে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যকর হওয়ার পর কোনো জাহাজই এই অবরোধ ভেঙে পার হতে পারেনি। মার্কিন বাহিনীর ভাষ্য, ইরানের উপকূলে যাতায়াতকারী জাহাজগুলোকে তারা আটকাবে বা ফিরিয়ে দেবে। তবে ইরান ছাড়া অন্য দেশগুলোর জন্য যাতায়াতকারী জাহাজগুলোকে প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেয়া হবে।

গত রাতের এক হালনাগাদ তথ্যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, ‘সোমবার যুক্তরাষ্ট্রের অবরোধ শুরুর পর এখন পর্যন্ত ১০টি জাহাজকে ঘুরিয়ে দেয়া হয়েছে এবং কোনো জাহাজই অবরোধ ভেঙে যেতে পারেনি। ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের জন্য জাহাজগুলোর কাছ থেকে ইরান যে অর্থ আদায় করতে চাইছিল, তা বন্ধ করে দেশটির ওপর চাপ সৃষ্টি করা এবং একই সাথে ইরানের তেল রফতানি কমিয়ে দেয়া। ইরান এই অবরোধকে ‘দস্যুতা’ বলে আখ্যা দিয়েছে এবং এর প্রতিশোধ হিসেবে পারস্য উপসাগর, ওমান উপসাগর ও লোহিত সাগরে নৌ চলাচল লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে।