ক্রীড়া প্রতিবেদক
দেশের ক্রিকেট ইতিহাসে অধিনায়কদের নতুন করে সম্মানিত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক অধিনায়কদের সম্মান জানাতে এক ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান অ্যাডহক কমিটি। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সাবেক অধিনায়কদের হাতে তুলে দেয়া হয় ক্যাপ্টেনস কার্ড। দেশের মোট ৩৩ অধিনায়ক এই সম্মাননা পেয়েছেন। ২৭ জন পুরুষ অধিনায়ক এবং ছয়জন নারী অধিনায়ক পেয়েছেন বিশেষ এই কার্ড। অনুপস্থিত ছিলেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, নাইমুর রহমান দূর্জয়, খালেদ মাসুদ পাইলট, ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম বুলবুল।
দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচে যারা অধিনায়কত্ব করেছেন, তাদের সবাইকে এই কার্ডের আওতায় আনা হয়েছে। এই কার্ড দিয়ে আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ কিংবা বিপিএল যেকোনো ইভেন্টেই স্টেডিয়ামে যেতে পারবেন সাবেকরা। এ ছাড়া এই কার্ডধারী কেউ অসুস্থ হলে বিসিবির মেডিক্যাল টিম তার জন্য সবসময় অ্যাভেইলেবল থাকবে। কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না।
অনুষ্ঠানে বিসিবি সভাপতিসহ অধিনায়কদের হাতে ক্যাপ্টেন কার্ড তুলে দেন অ্যাডহক কমিটির সদস্য সায়েদ ইব্রাহিম আহমেদ, রাশনা ইমাম, ফাহিম সিনহা। প্রত্যেক অধিনায়ককে তামিম নিজে ফোন করে দাওয়াত দিয়েছেন। এই তালিকায় ছিলেন সাকিব, মাশরাফি বিন মর্তুজাও। সাবেক বিসিবি ও সাবেক অধিনায়ক অমিনুল ইসলাম বুলবুলকেও ফোন করার চেষ্টা করেছেন তামিম। অনুষ্ঠানে তামিম জানালেন, বুলবুলকে ফোন করতে গিয়ে দেখেন তাকে ব্লক করে রাখা হয়েছে।
কার্ড প্রাপ্তির পর প্রবীন অধিনায়ক শফিকুল হক হীরা ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তামিমের এই কার্ড প্রদান যুগান্তকারী উদ্যোগ। আগামী দিনে বিসিবিতে অধিনায়কদের ভোগান্তি কমাবে।’
অধিনায়কদের নাম
শামিম কবির (১৯৭৭), রকিবুল হাসান (১৯৭৯), শফিক উল হক হীরা (১৯৮২), গাজী আশরাফ হোসেন (১৯৮৬), মিনহাজুল আবেদীন নান্নু (১৯৯০), ফারুক আহমেদ (১৯৯৪), আকরাম খান (১৯৯৫), আমিনুল ইসলাম বুলবুল (১৯৯৮), নাইমুর রহমান দুর্জয় (২০০০), খালেদ মাসুদ পাইলট (২০০১), খালেদ মাহমুদ সুজন (২০০৩), হাবিবুল বাশার সুমন (২০০৪), রাজিন সালেহ (২০০৪), শাহরিয়ার নাফিস (২০০৬), মোহাম্মদ আশরাফুল (২০০৭), মাশরাফি বিন মুর্তজা (২০০৯), সাকিব আল হাসান (২০০৯), মুশফিকুর রহীম (২০১১), তামিম ইকবাল (২০১৭), মাহমুদুল্লাহ রিয়াদ (২০১৮), মুমিনুল হক (২০১৯), লিটন কুমার দাস (২০২১), নুরুল হাসান সোহান (২০২২), মোসাদ্দেক হোসেন সৈকত (২০২২), নাজমুল হোসেন শান্ত (২০২৩), মেহেদী হাসান মিরাজ (২০২৪), জাকের আলী অনিক (২০২৫)।
নারী অধিনায়ক : তাজকিয়া আক্তার (২০০৭), সালমা খাতুন (২০১১), জাহানারা আলম (২০১৪), রুমানা আহমেদ (২০১৬), নিগার সুলতানা জ্যোতি (২০২১) ও ফাহিমা খাতুন (২০২১)।



