নিউজ১৮
পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে বাবরি মসজিদের মতো কোনো কাঠামো তৈরি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার জলপাইগুড়িতে এক জনসভায় ভাষণ দেয়ার সময় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করে বলেন, আমরা বাংলায় কাউকে বাবরি মসজিদ বানাতে দেবো না।
অমিত শাহ অভিযোগ করেন যে নবগঠিত আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর মূলত তৃণমূল কংগ্রেস নেতৃত্বের ইশারাতেই এমন বিতর্কিত কর্মকাণ্ড পরিচালনা করছেন। উল্লেখ্য যে গত বছরের ডিসেম্বরে তৃণমূল থেকে বহিষ্কৃত হুমায়ুন কবীর মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকায় একটি মসজিদ নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন। অমিত শাহ দাবি করেন, হুমায়ুন কবীর এই প্রকল্পের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সঙ্কেত পাচ্ছেন। মালদহ জেলার গাজোল ও মানিকচকে আয়োজিত পৃথক জনসভাগুলোতে শাহ কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এটি ভারত এবং এখানে কেউ বাবরি মসজিদ তৈরি করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপোর বোঝা উচিত, এ ধরনের মসজিদ তৈরির স্বপ্ন চুরমার হয়ে যাবে।’
তিনি আরো যোগ করেন, বিজেপি নিশ্চিত করবে যাতে এই প্রকল্প কোনোভাবেই সামনে এগোতে না পারে। গত ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকীতে প্রায় আট একর ব্যক্তিগত জমিতে ৮৬ কোটি টাকা ব্যয়ে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। বিজেপির এই আক্রমণাত্মক বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে বিজেপি নেতাদের এই ধরনের ‘হুমকি ও ভয়ভীতি’ প্রদর্শনের জবাব গণতান্ত্রিক ও দৃঢ়ভাবে দেয়া হয়। তৃণমূলের পক্ষ থেকে এই ধরনের মন্তব্যকে উসকানিমূলক বলে অভিহিত করা হয়েছে। মালদহ ও মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় এই প্রস্তাবিত মসজিদ প্রকল্পটিকে কেন্দ্র করে রাজনৈতিক মেরুকরণ তীব্র হচ্ছে।



