কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে বিতর্কিত পীর শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমানকে হত্যার ঘটনায় জামায়াত নেতাকে প্রধান আসামি করে মামলা করার প্রতিবাদে দৌলতপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে দৌলতপুর থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে দৌলতপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: বেলাল উদ্দিন বলেন, ঘটনাটির সুষ্ঠু তদন্তের দাবিতে শুরু থেকেই তারা প্রশাসনের কাছে ভিডিও ফুটেজ পর্যালোচনার মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের আহ্বান জানিয়ে আসছেন। তিনি বলেন, পরিকল্পিতভাবে জামায়াত নেতা খাজা আহম্মেদকে মামলার প্রধান আসামি করা হয়েছে। এলাকায় খাজা আহম্মেদের জনপ্রিয়তা ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণে তার আকাশ চুম্বি সমর্থনে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ একটি মহল তাকে ফাঁসানোর চেষ্টা করছে। একই সাথে তিনি অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী চক্র রাতের আঁধারে সাধারণ মানুষের বাড়িতে গিয়ে মামলা ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায় করছে। এদিকে মামলার বিষয়টি সামনে আসার পর জামায়াতের পক্ষ থেকে এর আগে একটি লিখিত বিবৃতি প্রদান করা হয় এবং পরবর্তীতে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে একটি সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হয় বলে তিনি উল্লেখ করেন।



