রয়টার্স
যুক্তরাষ্ট্রে উন্নত সৌর প্যানেল তৈরির যন্ত্রপাতি রফতানিতে বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে চীন। এ বিষয়ে চীনা কর্মকর্তারা ইতোমধ্যে সংশ্লিষ্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সাথে প্রাথমিক আলোচনা শুরু করেছেন বলে জানা গেছে।
সূত্র মতে, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং শিল্প খাতের অংশীজনদের কাছ থেকে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক মতামত চাওয়া হয়নি। বর্তমানে বিশ্বের ৮০ শতাংশের বেশি সৌর প্যানেল উপাদান চীন উৎপাদন করে। এ ছাড়া সৌর সেল তৈরির যন্ত্রপাতির শীর্ষ ১০টি সরবরাহকারী প্রতিষ্ঠানও চীনের নিয়ন্ত্রণে। এই রফতানি নিয়ন্ত্রণ কার্যকর হলে টেসলার মতো বড় মার্কিন প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ পরিকল্পনা বড় ধরনের ধাক্কা খেতে পারে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে সৌর প্যানেল উৎপাদন বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তারা সঙ্কটে পড়বে।
বিশ্লেষকদের মতে, সৌর শক্তি এবং স্পেস-ভিত্তিক কম্পিউটিং প্রযুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা ক্রমে বাড়ছে। বিশেষ করে ইলন মাস্ক এই খাতে বড় বিনিয়োগের পরিকল্পনা করছেন। এ ছাড়া গুগল ও অ্যামাজনের মতো টেক জায়ান্টরাও সৌর শক্তি ও এনার্জি স্টোরেজ খাতে অর্থায়ন বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের রফতানি নিয়ন্ত্রণ চীনের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব বজায় রাখতে সহায়ক হলেও এতে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের চাপ সৃষ্টি হবে। শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বৈঠককে ঘিরে যখন বাণিজ্য সম্পর্ক স্থিতিশীল করার চেষ্টা চলছে, ঠিক তখনই এমন উদ্যোগের খবর সামনে এলো।



