সিলেট ব্যুরো
সিলেট মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে আইনজীবীদের সাথে মতবিনিময় সভা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি।
বুধবার এসএমপি কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
সভায় সিলেটের পিপি/জিপিসহ সরকারি আইনজীবীরা অংশগ্রহণ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কীভাবে আরো কার্যকরভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় ছিনতাইকারী ও চাঁদাবাজসহ চিহ্নিত অপরাধীদের গ্রেফতারের পর আসামি চালান, রিমান্ড আবেদন এবং কোর্ট পুলিশের বিভিন্ন কার্যক্রম আরো গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত দেন আইনজীবীরা।
সভায় উভয় পক্ষ ভবিষ্যতে এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন ও এতে একমত পোষণ করেন।



