পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৮ জন নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার হরিপুরের হাট্টার ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে এক ভয়াবহ গ্যাস বিস্ফোরণে একই পরিবারের আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১১ জন।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানে গ্যাস বিস্ফোরণ
পাকিস্তানে গ্যাস বিস্ফোরণ |সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার হরিপুরের হাট্টার ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে এক ভয়াবহ গ্যাস বিস্ফোরণে একই পরিবারের আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১১ জন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, হরিপুরে সুয়ি নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেড পরিচালিত একটি পাইপলাইন থেকে গ্যাস লিক হওয়ার কারণে এই বিস্ফোরণটি ঘটে।

হরিপুর জেলা সদর হাসপাতালের (ডিএইচকিউ) চিকিৎসক ডা: মুনাওয়ার আফ্রিদি জানান, তিনটি লাশ ডিএইচকিউতে এবং বাকি পাঁচটি লাশ আরএইচসিতে আনা হয়েছে।

ডেপুটি কমিশনার ওয়াসিম আহমেদের জানান, আটজন নিহত হয়েছেন। নিহতরা একই পরিবারের সদস্য ছিলেন এবং তাদের মধ্যে তিনজন শিশু, দু’জন কিশোরী, দু’জন বৃদ্ধা এবং একজন পুরুষ ছিলেন।

দুর্ঘটনার পর অ্যাবোটাবাদ, মানসেহরা, সোয়াবি, মারদান, চারসাদ্দা, ওয়াহ ক্যান্টনমেন্ট ও ট্যাক্সিলাসহ একাধিক জেলা থেকে দমকল বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।

রেসকিউ ১১২২-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় এবং দমকলকর্মীরা কয়েক ঘণ্টা ধরে আগুন নেভানোর কাজ করেন। অভিযান তদারকির জন্য এম এস ডা: মুনাওয়ার আফ্রিদি, ডিপিও শফিউল্লাহ গুন্ড এবং সহকারী কমিশনার ফাসিহ ইশাক আব্বাসিসহ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

সূত্র: ডন, সামা টিভি