মার্কিন রণতরি ডুবিয়ে দেয়ার হুঁশিয়ারি, যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে নারাজ ইরান

ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করে কড়া হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সাবেক জেনারেল মোহসেন রেজায়ি দাবি করেছেন, মার্কিন রণতরি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে।

সৈয়দ মূসা রেজা
ইরানের নীতি নির্ধারণী পরিষদের সদস্য এবং রেভল্যুশনারি গার্ডের সাবেক প্রধান মেজর জেনারেল মোহসেন রেজায়ি
ইরানের নীতি নির্ধারণী পরিষদের সদস্য এবং রেভল্যুশনারি গার্ডের সাবেক প্রধান মেজর জেনারেল মোহসেন রেজায়ি |সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ভয়াবহ উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাব আপাতত নাকচ করে দিয়েছে ইরান। দেশটির নীতি নির্ধারণী পরিষদ বা এক্সপেডিয়েন্সি ডিসসার্নমেন্ট কাউন্সিলের সদস্য এবং রেভল্যুশনারি গার্ডের সাবেক প্রধান মেজর জেনারেল মোহসেন রেজায়ি সাফ জানিয়েছেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো ইরানের জাতীয় স্বার্থের অনুকূলে নয়। বরং ইরানের ক্ষেপণাস্ত্র লাঞ্চারগুলো এখন শত্রু দেশের রণতরিগুলোর দিকে তাক করা আছে এবং যেকোনো সময় সেগুলো ডুবিয়ে দিতে প্রস্তুত তেহরান।

গতকাল বুধবার রাতে ইরানের একটি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দেয়া বিশেষ সাক্ষাৎকারে জেনারেল রেজায়ি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, বর্তমানে যে যুদ্ধবিরতি চলছে তা আদতে কোনো স্থায়ী শান্তি নয়, বরং এটি একটি ‘সামরিক স্তব্ধতা’ মাত্র। ইরানের সর্বোচ্চ নেতাও বিষয়টি একইভাবে ব্যাখ্যা করেছেন।

রেজায়ি স্পষ্ট করে বলেন, ‘যুদ্ধবিরতি বাড়ানো ইরানের জন্য কোনোভাবেই লাভজনক হবে না। শত্রুর ওপর চাপ আরো বাড়াতে হবে। ইরানের লাঞ্চারগুলো এখন মার্কিন রণতরিগুলোকে ‘লক’ বা তাক করে রেখেছে, নির্দেশ পাওয়ামাত্রই ইরানের বিপ্লবী বাহিনী সেগুলো ডুবিয়ে দেবে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করে এই ইরানি জেনারেল বলেন, ট্রাম্প অস্থিতিশীলতার মূর্ত প্রতীক। তিনি একদিকে ইরানের ১০টি শর্ত মেনে নেয়ার কথা বলেন, আবার পরক্ষণেই সেই অবস্থান থেকে সরে আসেন।

রেজায়ির মতে, ট্রাম্প রাজনীতিকে জুয়ার আসরের মতো বিবেচনা করছেন। পর্দার আড়ালে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ইহুদিবাদী অংশীদাররাই ট্রাম্পকে নিয়ন্ত্রণ করছেন বলে তিনি দাবি করেন।

যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির দম্ভ চূর্ণ হওয়ার উদাহরণ টেনে তিনি বলেন, ইরানের প্রতিরোধের মুখে মার্কিন এফ-৩৫ বিমানের মর্যাদা বরবাদ হয়ে গেছে। পাশাপাশি অনেকগুলো মার্কিন ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে তাসনিম নিউজের পৃথক এক প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরো দুই সপ্তাহ বাড়ানোর জন্য ইরানের কাছে জোর অনুরোধ জানিয়েছে। তবে তেহরান সেই প্রস্তাবে এখন পর্যন্ত সায় দেয়নি। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে আগে বর্তমান যুদ্ধবিরতির প্রতিশ্রুতিগুলো পালন করতে হবে এবং আলোচনায় অতিরিক্ত দাবি দাওয়া পেশ করা বন্ধ করতে হবে।
সূত্র : তাসনিম নিউজ অ্যাজেন্সি