লেবাননে যুদ্ধবিরতি ইরানের মতোই গুরুত্বপূর্ণ : ইরানি স্পিকার

তিনি বলেন, ‘তেহরানের কাছে ইরানে যুদ্ধবিরতির সমান গুরুত্ব বহন করে লেবাননে যুদ্ধবিরতি।’

নয়া দিগন্ত অনলাইন
ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ
ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ |সংগৃহীত

ইরানের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সাথে টেলিফোনে কথা বলেছেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।

এ সময় তিনি বলেন, ‘তেহরানের কাছে ইরানে যুদ্ধবিরতির সমান গুরুত্ব বহন করে লেবাননে যুদ্ধবিরতি।’

ঘালিবাফ বলেন, ‘ইসলামাবাদে (যুক্তরাষ্ট্রের সাথে) আলোচনার সময় এবং তার পরেও ইরান শত্রুপক্ষকে বাধ্য করতে গুরুত্বসহকারে চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে তারা স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়।’

ইরানি গণমাধ্যম জানায়, তিনি আজ বৃহস্পতিবার পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথেও বৈঠক করেছেন।

খবরে বলা হয়েছে, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি আলোচনা নিয়ে আলোচনা চালিয়ে যেতে পাকিস্তানি প্রতিনিধি দল তেহরান সফর করেছে।

যুদ্ধ শুরুর পর থেকে ঘালিবাফ ইরানের ক্ষমতাকাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে উঠে এসেছেন। সাম্প্রতিক ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় তিনি ইরানি প্রতিনিধি দলের প্রধান ছিলেন।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই গতকাল বলেছেন, রোববার আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদান চলমান রয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের সাথে বর্তমান যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনা নিয়ে প্রকাশিত খবরের বিষয়ে তিনি কিছু নিশ্চিত করেননি।

সূত্র : বিবিসি