ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশের সেকাদাউ রিজেন্সিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর আরোহী আটজনের সবাই নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে মেলাউই রিজেন্সি থেকে যাত্রা শুরু করে হেলিকপ্টারটি এবং সকাল ৮টা ৩৯ মিনিটে হেলিকপ্টারটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
জাকার্তা গ্লোব সেকাদাউ পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ‘সব নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’
দুর্ঘটনার কারণ এখনো অস্পষ্ট। স্থানীয় উদ্ধারকারী সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা ছয়জন যাত্রী এবং দু’জন ক্রু সদস্য নিহত হয়েছেন।
সামরিক ও পুলিশ সদস্যসহ উদ্ধারকারীরা শুক্রবার স্থলপথে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থার প্রধান মোহাম্মদ শাফি বলেন, বাগান এলাকাটি ইন্দোনেশীয় পাম তেল কোম্পানি চিত্রা মাহকোটার মালিকানাধীন ছিল এবং হেলিকপ্টারটি ম্যাথিউ এয়ার নুসানতারার ছিল।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি, রয়টার্স



