যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব বৃহস্পতিবার নাকচ করে দিয়েছে। এতে মধ্যপ্রাচ্যে সামরিক সিদ্ধান্তে কংগ্রেসের ভূমিকা পুনর্বহালের ডেমোক্র্যাটদের প্রচেষ্টা আরেক দফা ধাক্কা খেল।
ডেমোক্র্যাটরা বিষয়টি আলোচ্যসূচিতে আনতে বাধ্য করার পর অনুষ্ঠিত ভোটটি এমন এক সময়ে হয়, যখন ছয় সপ্তাহব্যাপী সংঘাত নিয়ে ক্যাপিটল হিলে উদ্বেগ বাড়ছিল।
কংগ্রেস স্পষ্টভাবে তা অনুমোদন না করলে প্রস্তাবটিতে ট্রাম্পকে তেহরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান বন্ধ করতে বলা হয়েছিল। এতে ১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ার্স রেজ্যুলিউশন’ উল্লেখ করা হয়, যা আইনপ্রণেতাদের সম্মতি ছাড়া দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতে প্রেসিডেন্টের স্বাধীনতা সীমিত করে।
ট্রাম্পের দলের একজন রিপাবলিকান সদস্য প্রস্তাবটির পক্ষে ভোট দেন এবং আরেকজন বিরত থাকেন। অন্যদিকে একজন ডেমোক্র্যাট এর বিপক্ষে ভোট দেন।
ডেমোক্র্যাটদের দাবি, সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার একচ্ছত্র ক্ষমতা কংগ্রেসের হলেও, ট্রাম্প ২৮ ফেব্রুয়ারি ইসরাইলের সাথে যৌথভাবে কংগ্রেসের অনুমোদন ছাড়াই এই সংঘাত শুরু করেন।
ভোটের আগে পররাষ্ট্রবিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট গ্রেগরি মিকস বলেন, ‘আমরা একটি খাদের কিনারায় দাঁড়িয়ে আছি, এবং বর্তমান প্রেসিডেন্ট আমাদের ঠেলে ফেলার আগেই কংগ্রেসকে পদক্ষেপ নিতে হবে। প্রতিদিন আমরা দেরি করছি, আমরা এমন এক সংঘাতের দিকে আরো এগিয়ে যাচ্ছি, যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই।’
সূত্র : এএফপি/বাসস



